জামায়াতে ইসলামী বলেছে, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। কিন্তু তারা নির্বাচনের সময় জনগণকে ধোঁকা দিয়ে ভোট নেওয়ার জন্য বকধার্মিক সাজে। গতকাল সোমবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কথা বলেন।২১ জুলাই আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ ভোলায় দলের কর্মিসভায় ‘ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতা দখলের পুরোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি-জামায়াত জোট। তারা সারা দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, তোফায়েল আহমেদের এ বক্তব্য আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রেই প্রযোজ্য। জামায়াত-বিএনপির ক্ষেত্রে মোটেই প্রযোজ্য নয়। কারণ, তারা নির্বাচনের আগে ‘লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ’ স্লোগান দেয়। মাথায় পট্টি বেঁধে হাতে তাসবিহ নিয়ে মাজার জিয়ারতের ছবি দিয়ে বকধার্মিক সেজে জনগণকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার চেষ্টা করে।