জাতীয় সংসদ নির্বাচনের সময় চারটি মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার প্রস্তাব করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করবে কমিশন। গতকাল রোববার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।এম সাখাওয়াত জানান, এই চারটি মন্ত্রণালয় হলো: স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, জনপ্রশাসন এবং মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচনের সময় এই চারটি মন্ত্রণালয় ইসির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক কাজ হয়েছে, যা ইসি জানে না। সে জন্য কমিশন নতুন এ প্রস্তাব দেবে, যাতে কমিশনকে কোনো মন্ত্রণালয়ের মুখাপেক্ষী হয়ে কাজ না করতে হয়।নির্বাচন কমিশনার জানান, ইসি থেকে আইন সংস্কারের প্রস্তাব চলতি সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়টি আরপিওতে বাধ্যতামূলক করা হচ্ছে না। এর আগে কমিশন এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। প্রধানমন্ত্রীর সময় না পাওয়ায় তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।