নির্বাচনের সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে িনর্বাচন
বাংলাদেশে িনর্বাচন

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রথমা প্রকাশন বিভিন্ন বিষয়ের বইয়ের সম্ভার আনার উদ্যোগ নিয়েছে। এমনই একটি বই বাংলাদেশে নির্বাচন। বইটি সম্পাদনা করেছেন অধ্যাপক আল মাসুদ হাসানউজ্জামান। দীর্ঘ ভূমিকায় এ বই সম্পাদনার বিষয়ে সম্পাদক এক জায়গায় বলেছেন, ‘বইটি থেকে পাঠক এ দেশে নির্বাচন-সংক্রান্ত বিষয়াবলি সম্পর্কে অবগত হতে পারবেন।’ সম্পাদকের এই কথা মনে রেখে পাঠক যখন বইটি পাঠ করবেন, তখন তাঁরা নির্বাচন সম্পর্কে যেসব তত্ত্ব প্রচলিত সে বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। বইটির গুরুত্ব সেখানেই।
মোট ১৪টি প্রবন্ধের সমাহার এ বই। বিষয়-বিশেষজ্ঞ এসব প্রবন্ধের লেখক যেমন পাকিস্তানি আমলের নির্বাচন-সংক্রান্ত দৃষ্টান্ত, তেমনি বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনেরও প্রায় বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এ বইয়ে বিভিন্ন দেশের নির্বাচনী মডেল, তাদের নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো, কর্তৃত্ব, সরকারের সঙ্গে তাদের সম্পর্কের প্রকৃতি ইত্যাদিও তুলে ধরা হয়েছে। সুষ্ঠু নির্বাচন বিষয়ে যেসব বিশ্বনন্দিত রাষ্ট্রবিজ্ঞানী তত্ত্ব দাঁড় করিয়েছেন, এই বইয়ের বেশ কয়েকটি নিবন্ধে তাঁদের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। এঁরা হলেন জোসেফ শুমপিটার, ডেভিড হেল্ড, রবার্ট ডাল ও লিন্ডবার্গ। বিশেষভাবে লিন্ডবার্গের নির্বাচন-সংক্রান্ত এই উক্তিটি তো রীতিমতো প্রবাদের মতো, যেখানে তিনি বলেন, নির্বাচন হচ্ছে সেই প্রাতিষ্ঠানিক পদ্ধতি, যার আচরণগত ফল হতে পারে গণতন্ত্রায়ণ। আবার নেতিবাচকভাবে হতে পারে কর্তৃত্বপূর্ণ শাসনের পুনরুৎপাদন। নির্বাচন-সংক্রান্ত পাঠ ও গবেষণায় ব্যবহৃত ধারণাগুলোর মধ্যে রয়েছে ম্যান্ডেট তত্ত্ব, যৌক্তিক পছন্দের ডিসকোর্স, নৈর্বাচনিক আচরণতত্ত্ব ইত্যাদি।
এ বইয়ের কোনো কোনো প্রবন্ধে বেশ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে উন্নয়নশীল দেশে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে। বলা হয়েছে, এসব দেশে যথারীতি বা নিয়মমাফিক নির্বাচন অনুষ্ঠিত হলেও সামাজিক অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের শর্তাবলি যথাযথভাবে পূরণ করা হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনী গণতন্ত্র প্রতিষ্ঠায় বিদ্যমান সমস্যা ও সংকট নির্বাচনে বহুবিধ অনিয়মের পাশাপাশি সহিংস রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে, যা গণতন্ত্র নির্মাণ ও চর্চাকে বিনষ্ট করতে নেতিবাচক ভূমিকা রাখছে। এ বইয়ে নারীর ভোটাধিকার ও রাজনীতিতে তাদের প্রকৃত প্রতিনিধিত্বের বিষয়েও চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। শুধু তা-ই নয়, নারীর ক্ষমতায়নে সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিকতা যে অন্তরায়সুলভ ভূমিকা পালন করছে, তাও তুলে ধরা হয়েছে সবিস্তার।
সুষ্ঠু নির্বাচন বিষয়ে যাঁরা ভাবিত, শুধু তাঁদের জন্যই নয়, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যাঁরা আগ্রহী, এ বই তাঁদের জন্যও অবশ্যপাঠ্য। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় প্রথমার প্যাভিলিয়নে।