নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই - তারানকোকে জাতীয় পার্টি

এই মুহূর্তে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে দাবি করেছে জাতীয় পার্টি। এর ফলে এ ক্ষেত্রে জাতিসংঘ অগ্রণী ভূমিকা রাখতে বলে মনে করছে দলটি। আজ রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
বৈঠক শেষে দলের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন।
আজ সকাল সাড়ে নয়টার দিকে এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে যান তারানকো। সেখানে তাঁরা এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে তারানকো সেখানে উপস্থিত সাংবাদিকদের কিছু না বলেই গাড়িতে করে চলে যান।
পরে ব্রিফিংয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেবের সঙ্গে এক ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা সম্পর্কে তাঁকে (তারানকো) আমরা অবহিত করেছি। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ যথেষ্ট ধারণা রাখে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। কী করলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিদেশিদের কাছ গ্রহণযোগ্য নির্বাচন হয়, সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়, সে সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আমরাও বলেছি। বর্তমান যে অনিশ্চয়তা, যে সমস্যা ও সংকট চলছে পার্টির চেয়ারম্যান স্যার তা তুলে ধরেছেন। আর কোনো রক্তক্ষয় নয়। জনপদ স্তব্ধ হওয়া, রক্তপাত নয়। এরশাদ সাহেব শান্তির রাজনীতিতে বিশ্বাস করেন। মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সে জন্য এক টেবিলে আলোচনা করে এই জাতীয় সমস্যার সমাধান করতে হবে। তিনি গুরুত্বের সঙ্গে জাতীয় পার্টির এই প্রস্তাব শুনেছে। এখানে জাতিসংঘ অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে জাতীয় পার্টি আশা করছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, প্রস্তাব দিয়েছি, আপনারা সময় বাড়িয়ে দেন, যেন সব দল আসতে পারে। আমাদের দলের অনেক ভালো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বসব। শিডিউল পরিবর্তন করতে হবে। অনতিবিলম্বে এক টেবিলে বসে দেশের সমস্যার সমাধান করতে হবে।’
জি এম কাদের বলেন, ‘জাতিসংঘ আমাদের মতামত জানতে চেয়েছে। আমরা বলেছি, এই পরিস্থিতিতে নির্বাচন বাঞ্ছনীয় নয়। নির্বাচন পিছিয়ে দিতে হবে। পিছিয়ে দেওয়া নির্বাচনে যেন সবাই আসতে পারে, সে ব্যবস্থা করতে হবে। সব দলের আসা নিশ্চিত না হলে এই মুহূর্তে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে সুষ্ঠু পরিবেশ হলে কোনো অবস্থান রাখার সুযোগ হলে তখন আবার সিদ্ধান্ত হবে। অনেকে বলেন, পার্টির চেয়ারম্যান একেকবার এক-এক কথা বলেন। কিন্তু তিনি সব সময় বলেছেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ করা দরকার। সেই পরিস্থিতি হলেই জাতীয় পার্টি নির্বাচনে যাবে। সর্বদলীয় সরকারে বিএনপি এলে, আমরা থাকলে সঠিক নির্বাচন করতে পারতাম। নির্বাচন পিছিয়ে দিয়ে পরিবেশ সুষ্ঠু হলে, সব দল অংশ নিলে আমরা নির্বাচনে অংশ নেব।’
বিফ্রিং শেষে রুহুল আমিন হাওলাদার ও জি এম কাদের সর্বদলীয় সরকার থেকে বেরিয়ে যাওয়ার জন্য পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হন। কে কে পদত্যাগ করছেন, এই বিষয়ে জানতে চাইলে রহুল আমিন তাঁর হাতে থাকা পদত্যাগের ফাইলটি তুলে সাংবাদিকদের দেখান। কিন্তু কোনো উত্তর দেননি। আর জি এম কাদের বলেছেন, ‘আজ থেকে আমরা সর্বদলীয় সরকার থেকে আমাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি।’
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বড় দুই দলের মধ্যে আলোচনার সুযোগ সৃষ্টি করতে গত শুক্রবার রাতে ঢাকায় আসেন তারানকো। তিনি পাঁচ সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগেও দুবার তিনি ঢাকা সফর করে সংলাপের তাগিদ দিয়েছিলেন।
তারানকো গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়াও আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল, ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গেও বৈঠক করেন তিনি।
আজ এরশাদের ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতের প্রতিনিধিদল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারানকো।
চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো প্রধান দুই দলকে কোনো প্রস্তাব দেননি। তিনি দুই পক্ষকে সংলাপে বসার ওপর জোর দিয়েছেন। এর অংশ হিসেবে নির্বাচন পেছানো যায় কি না, সরকারের কাছে তা জানতে চেয়েছেন তিনি।