নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি বিএনপির
পৌরসভা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে মীর নাছির বলেন, সরকারি দলের নেতা-কর্মীরা আচরণবিধি ভাঙলেও নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা নিচ্ছে না। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিএনপি ও ২০-দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে।
মীর নাছির বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভোটারদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। তিনি বলেন, একদিকে পুলিশ দলীয় কর্মী-সমর্থকদের হয়রানি করছে। অন্যদিকে, সরকার সমর্থক ক্যাডাররা সন্ত্রাস চালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। এতে বিএনপি বা ২০-দলীয় জোট সমর্থক অনেক ভোটার এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। এসব কারণে নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হবে।
মীর নাছির বলেন, মুমূর্ষু গণতন্ত্রের প্রাণ ফিরিয়ে আনতে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। অথচ দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারছেন না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল।