ইউপি নির্বাচন-পরবর্তী সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সহিংসতা বেড়েই চলেছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে পরাজিত প্রার্থীর সমর্থকেরা নবনির্বাচিত চেয়ারম্যানের ওপর হামলা চালিয়ে তাঁর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। ইতিমধ্যে উপজেলায় একাধিক নির্বাচনী পাল্টাপাল্টি হামলায় নারী-পুরুষ-শিশুসহ শতাধিক ব্যক্তি আহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শ্যামনগর থানায় চারটি মামলায় তিন শতাধিক লোককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন হয়। রাত সাড়ে আটটার দিকে ফলাফল ঘোষণার পর থেকে শুরু হয় সহিংসতা। ক্রমেই তা গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে। গতকাল সকালে কাশিমাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী আবদুল হামিদ পরাজিত প্রার্থী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামানের বাড়িতে দেখা করতে যান। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় গাজী আবদুল হামিদ আহত হন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করলেও উত্তেজিত সমর্থকেরা তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এ সময় প্রতিপক্ষের মারধরে আলিম বাহার, আবদুল খালেক, আবু বক্কার ও আবদুল হাইসহ জয়ী প্রার্থীর নয় সমর্থক আহত হয়।বৃহস্পতিবার রাতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি কেন্দ্রে ইউপি সদস্য পদে পরাজিত নীলকান্ত রপ্তানের সমর্থকেরা জয়ী মৃণাল মণ্ডলের কর্মীদের ওপর হামলা করে সাতজনকে আহত করে। গাবুরা ইউপির জয়ী প্রার্থী মাসুদুল আলমের সমর্থকেরা একই রাতে গাবুরার চাঁদনিমুখা কেন্দ্রে পরাজিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আজম ওরফে লেনিনের কর্মীদের কেন্দ্রে আটকে রেখে মারপিট করে। পরে রাতে উপজেলা কৃষক লীগের সভাপতি মঞ্জুর-ই এলাহীর বাড়িতে হামলা চালানো হয়। এসব ঘটনার জের ধরে শুক্রবার সকালে গাবুরার গাইনবাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় লেনিনের সমর্থকেরা প্রতিপক্ষের সুরাত কাগুচী, জাহাঙ্গীর, ইদ্রিস, গোলাপ গাজীসহ সাতজনকে পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার বিকেলে পরাজিত প্রার্থী মাসুদুলের সমর্থকেরা হামলা চালিয়ে ৯ নম্বর সোরা গ্রামের আফছুর মোল্যা, কওছার মোল্যা, আবদুল মোল্যা, নূর ইসলাম, আবুল খায়েরসহ আটজনকে কুপিয়ে গুরুতর আহত করে।এ ছাড়া রমজাননগর ইউনিয়নের নুতনঘেরী কেন্দ্রে পরাজিত প্রার্থী আব্দুর রশিদ ও জয়ী আব্দুর বারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শুক্রবার সকালে সন্তানসম্ভবা নাসিমা খাতুনসহ দুই পক্ষের ২৩ জন আহত হন। একই দিন সকালে কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুরে পরাজিত প্রার্থী আনিছুজ্জামানের সমর্থকেরা জয়ী প্রার্থীর সমর্থক আবদুল গফফারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাঁর মা বকুল পারভীনকে আহত করে।গতকাল সকালে উপজেলার নূরনগর ইউনিয়নের ভবানীপুরে পরাজিত আবুল কাশেম গাজীর কর্মী-সমর্থকেরা জয়ী নওশের আলী সরদারের সমর্থকদের ওপর ধারালো দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালালে আশরাফ হোসেন তাঁর দুই মেয়েসহ ছয়জন আহত হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ মাঝি জানান, এসব সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলায় আসামি ১৪৯ জন। আর কাশিমাড়ি ইউপির গোবিন্দকাঠি গ্রামে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। কাশিমাড়ি ও গাবুরা ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।