দেশের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত কয়েক দিনের সহিংসতায় একজন নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়েছে। খুলনায় জয়ী এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোলায় পরাজিত এক চেয়ারম্যান প্রার্থী নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে লুটপাটের খবরও পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: পটুয়াখালী: সোমবার বদরপুর, বড়বিঘাই ও কমলাপুর ইউনিয়নে সাধারণ সদস্যপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে পৃথক পৃথক সংঘর্ষের ঘটনায় ৬৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বদরপুর এলাকার শহিদুল ইসলামকে (৩০) চিকিৎসার জন্য বিকেলে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আহত ৩৬ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। কমলাপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের জয়ী ইউপি সদস্য মোতালেব মোল্লার সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আর বড়বিঘাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়ী ইউপি সদস্য খন্দকার মাইনুল আহসানের সমর্থকদের ওপর হামলা চালালে ১৫ জন আহত হয়। অপরদিকে বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে জয়ী শাহ আলম মৃধার সমর্থকদের সঙ্গে পরাজিত সোহবাব সিকদারের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়। খুলনা: রোববার রূপসার শ্রীফলতলা ইউনিয়নে জয়ী চেয়ারম্যান ও বিএনপির নেতা মনিরুল হাসানের সমর্থকেরা ২ নম্বর শ্রীফলতলা ইউনিয়নের ৬ নম্বর জোয়ার আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চলিয়েছে। হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল শেখের বাড়িতেও হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে সোমবার বিকেলে রূপসা থানায় তিনটি মামলা হয়েছে। মনিরুল হাসানের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ভোলা: লালমোহনের কালমা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। রোববার গভীর রাতে ইউনিয়নের ডাওরীবাজার এলাকায় তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সাইফউদ্দিন শাহিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতার পর পুলিশ ৪০০ লোককে আসামি করে মামলা করে। গ্রেপ্তারের ভয়ে ইউনিয়নের কেয়ামুল্লাহ ও আড়ালিয়া গ্রাম দুটি পুরুষশূন্য হয়ে পড়েছে। সম্ভুপুর ইউনিয়নে হামলা-পাল্টা হামলায় ১৭ জন আহত হয়। ১ নম্বর মনপুরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারকে ভোট না দেওয়ার অভিযোগে তাঁর কর্মী বাহিনী স্থানীয় খোরশেদ মেম্বারের লোকজনকে মারধর করে। এতে ১০ জন আহত হয়। নোয়াখালী: রোববার ভোটগ্রহণ শেষে সুবর্ণচরে বিক্ষিপ্ত হামলা ও সংঘর্ষে পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী ও এক সাধারণ সদস্য প্রার্থীসহ ১০ জন আহত হয়েছে। আহত পুলিশ সুপারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ায় উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে কেন্দ্রের দিকে ঢিল ছোড়ে। এতে অন্ধকারের মধ্যে একটি ঢিল এসে তাঁর পায়ে লাগে।টেকনাফ (কক্সবাজার): উপজেলা সদর ও হোয়াইক্যং ইউনিয়নের পরাজিত ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সমর্থকদের হামলায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। তাদের মধ্যে কায়সার পারভেজ ও নূরজাহান বেগমের অবস্থা আশঙ্কাজনক। হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জয়ী প্রার্থী জাহেদ হোসেন ও পরাজিত হন খায়রুল আমিন। গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জাহেদের কয়েকজন সমর্থক হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের খারাংখালী বাজারে এলে খায়রুলের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ২০ জন আহত হয়। একই দিন সকাল থেকে টেকনাফ সদর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদের সমর্থকেরা লেঙ্গুর বিল পর্যটন বাজার এলাকায় সড়কের ওপর ব্যারিকেড দিয়ে টেকনাফগামী রিকশা, অটোরিকশা ও চান্দের গাড়ির যাত্রী ও জয়ী চেয়ারম্যান নূরুল আলমের কর্মী, সমর্থক, নির্বাচনী এজেন্টদের নামিয়ে মারধর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। একই দিন রাত দেড়টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর ছেলের নেতৃত্বে দুটি বাড়িতে হামলা করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।