নির্বাচনোত্তর সহিংসতায় বিভিন্ন স্থানে আহত ১১১
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতা বেড়েই চলেছে। গত দুই দিনে বিভিন্ন স্থানে সংঘর্ষে ১১১ জন আহত ও হামলা-পাল্টাহামলায় বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পীরগাছা (রংপুর): গত বৃহস্পতিবার উপজেলার আট ইউপি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটের ফলাফল কারচুপির অভিযোগে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের অবরুদ্ধ এবং সড়ক অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে প্রায় ৫৫ জন আহত হয়েছেন।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল বিভিন্ন ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনাসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করার সত্যতা নিশ্চিত করেছেন। পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান জানান, কোনো ভোটকেন্দ্রেই ফলাফল কারচুপির ঘটনা ঘটেনি। পরাজিত প্রার্থীরা মিথ্যা অভিযোগ তুলে কর্মকর্তাদের অযথা কাজে ব্যাঘাত সৃষ্টি করেছেন।বাগমারা (রাজশাহী): বৃহস্পতিবার রাতে পরাজিত এক ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে বিজয়ী প্রার্থীর বাড়িঘর ভাঙচুর করেছেন। এ সময় নারী-শিশুসহ ২০ জন আহত হন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আবু বাক্কার (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। জানা গেছে, উপজেলার দ্বীপপুর ইউপি নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে আফসার আলী ও নুরুল কবির প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে নুরুল কবির বিজয়ী হন।নীলফামারী: ডোমার উপজেলার ভোগডাবুরী ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থী গতকাল শুক্রবার সকালে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় পরাজিত দুই প্রার্থীর (আবু বক্কর ও আবুল কালাম) সমর্থকদের হামলার শিকার হন। এ সময় বিজয়ী প্রার্থী মো. জাকারিয়ার সঙ্গে থাকা সমর্থকদের মধ্যে পাঁচজন আহত হন। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে পরাজিত প্রার্থীদের সমর্থকদের হামলার শিকার হয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম। একই উপজেলার গোমনাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌজা গোমনাতী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।শেরপুর (বগুড়া): মাইক বাজানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নিশিন্দারা গ্রামে ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য জামাল উদ্দিনের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী মো. মোজাম্মেল হকের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এতে বিজয়ী পক্ষের চারজন ও পরাজিত পক্ষের মোজাম্মেলসহ ছয়জন আহত হন।একই দিন বিকেল সাড়ে চারটায় খানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে পরাজিত প্রার্থী খলিলুর রহমানের চৌবাড়িয়া পুরাতনপাড়া গ্রামের বাড়িতে একই ওয়ার্ডের বিজয়ী প্রার্থী আবু বক্করের সমর্থকেরা বিজয় মিছিল নিয়ে হামলা চালান। মিছিলকারীদের হামলায় আহত হন খলিলুর রহমানের ছোট ভাই ফরিদুল ইসলাম (৩২)। এ সময় জিনিসপত্র ভাঙচুর করা হয়, বাক্স ভেঙে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।সিরাজগঞ্জ: বৃহস্পতিবার সকালে শাহজাদপুরের গালা ইউনিয়নের বেড়াখোলা গ্রামে দুই পরাজিত প্রার্থীর (আবদুল মান্নান ও মকিম উদ্দীন) সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়টি বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। অন্যদিকে পার্শ্ববর্তী রূপবাটি ইউনিয়নে পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হামলা চালিয়ে অপর পরাজিত প্রার্থী আবদুর রউফের ছয়টি বাড়িঘর ভাঙচুর করেন। হামলায় ১০ জন আহত হন।শাহজাদপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে জানান, পরাজিত প্রার্থীরা নির্বাচনে পরাজয়ের পর বিভিন্ন ইস্যু সৃষ্টি করে নিজেদের প্রভাব বিস্তার করে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে।