
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এই নিয়োগ অনুমোদন করেছেন। আজ রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপাচার্য পদে মনোনয়ন পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বাম-সমর্থিত শিক্ষকদের নীল দলের প্যানেল। আ আ ম স আরেফিন সিদ্দিকসহ তিনজনের ওই প্যানেলে ছিলেন দুই সহ-উপাচার্য নাসরীন আহমাদ ও সহিদ আকতার হুসাইন।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বিশেষ অধিবেশনে এই প্যানেল মনোনয়ন দেওয়া হয়। তবে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের আগে উপাচার্য প্যানেলের নির্বাচন দেওয়ায় অধিবেশন বয়কট করেছে বিএনপি ও জামায়াত-সমর্থিত শিক্ষকদের সাদা দল। অধিবেশন চলাকালে তারা সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এতে সাদা দলের ৭০-৮০ জন শিক্ষক অংশ নেন। এখন সিনেটের মোট সদস্যসংখ্যা ১০৫, আছেন ৫০ জন। এর মধ্যে ৩৬ জন সদস্য উপস্থিত ছিলেন গতকালের অধিবেশনে।
প্যানেল মনোনীত হওয়ার পরপরই এ-সংক্রান্ত প্রস্তাব আচার্যের কাছে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনজনের ওই প্যানেল থেকে বর্তমান উপাচার্য আরেফিন সিদ্দিককে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
২০০৯ সালে ১৫ জানুয়ারি অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিক।