নির্বাচিত ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নির্বাচিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য চকপাড়া গ্রামের বাসিন্দা তাজ মিয়া ও পরাজিত প্রার্থী একলাছ মিয়ার সমর্থকেরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গুরুতর আহত আবদুল হেকিম, আলাল মিয়া, কামাল মিয়া, হাবিবুল, কাচু মিয়া, জামান ও মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল বিকেলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হোসেন বলেন, এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।