নির্বাচিত কাউন্সিলরদের প্রায় সবাই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনে নবনির্বাচিত ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরের মধ্যে অধিকাংশই ব্যবসায়ী। কেবল দুজন ভিন্ন পেশার রয়েছেন। তাঁদের একজন সাংবাদিক ও অন্যজন আইনজীবী।পুনর্নির্বাচিত ১২ জন কাউন্সলের বিরুদ্ধে কখনোই কোনো মামলা দায়ের হয়নি। নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা ঘেঁটে দেখা গেছে, নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা চলমান অবস্থায় রয়েছে। তবে মামলায় অভিযুক্ত নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরা জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েসের বিরুদ্ধে দুটি মামলা তদন্তাধীন অবস্থায় রয়েছে। আরেকটি মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা আদালত খারিজ করে দিয়েছেন এবং একটি মামলা তদন্তাধীন রয়েছে। রেজাউল হাসান বলেন, ‘আমি মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক। সংগত কারণেই চলতি বছর বর্তমান সরকার বিরোধীদলীয় নেতাদের নিপীড়ন-হয়রানির অংশ হিসেবে আমার বিরুদ্ধেও দুটি মামলা দায়ের করেছে।’ ৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ চৌধুরীর বিরুদ্ধে আটটি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে তিনটি মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন। অপর পাঁচটির মধ্যে তিনটি তদন্তাধীন, একটি বিচারাধীন ও একটি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশপ্রাপ্ত হিসেবে রয়েছে। এ ব্যাপারে ফরহাদ চৌধুরী বলেন, ‘আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় আমার বিরুদ্ধে নানা সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।’৯ নম্বর ওয়ার্ডের মোহামঞ্চদ মোখলেছুর রহমানের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন এবং অপরটির অভিযোগ প্রমাণিত হয়নি। ১০ নম্বর ওয়ার্ডের ছালেহ আহমদ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার মধ্যে একটি মুলতবি রয়েছে এবং আরেকটি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ১৩ নম্বর ওয়ার্ডের শান্তুনু দত্তের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুটি থেকে অব্যাহতি পেয়েছেন এবং একটি দুর্নীতি মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। ১৮ নম্বর ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমানের বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন অবস্থায় রয়েছে। ১৯ নম্বর ওয়ার্ডের দিনার খান একটি মামলায় জামিনে রয়েছেন। ২০ নম্বর ওয়ার্ডের মো. আজাদুর রহমানের বিরুদ্ধে আটটি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে তিনি দুটি থেকে অব্যাহতি এবং একটি থেকে খালাস পেয়েছেন। অপর পাঁচটি মামলার মধ্যে দুটি বিচারাধীন ও দুটি তদন্তাধীন অবস্থায় রয়েছে এবং একটি মামলা উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছেন। ২২ নম্বর ওয়ার্ডের সৈয়দ মিসবাহ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে দায়ের করা একটি মামলা উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। ২৪ নম্বর ওয়ার্ডের সোহেল আলমের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলর পদে নির্বাচিত প্রার্থীদের হলফনামা ঘেঁটে দেখা গেছে ১২ জনের বিরুদ্ধে নানা সময়ে বিভিন্ন মামলা দায়ের হয়। এ ছাড়া নির্বাচিত ব্যক্তিদের প্রায় সবাই ব্যবসায়ী।’