নির্বাচিত না মনোনীত—বিতর্কে ঘুরপাক খাচ্ছে বগুড়া বিএনপি
৩১ জানুয়ারির মধ্যে বগুড়া জেলা সম্মেলন অনুষ্ঠানের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির নেতারা। কমিটি নির্বাচিত হবে, না কি মনোনীত হবে এই নিয়ে জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের মধ্যে বিরোধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত সোমবার জেলা বিএনপির সভায় এ ব্যাপারে সমঝোতার চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।তা ছাড়া জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও এখন চরম পর্যায়ে পৌঁছেছে। তাই বগুড়ায় পৌর ও উপজেলাগুলোতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। জেলা বিএনপির নেতারা জানান, বগুড়ার ১২টি থানা ও পৌরসহ মোট ২৩টি সাংগঠনিক কমিটি রয়েছে। গত নভেম্বর মাসে এগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে বিএনপি এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এসব ইউনিটে জেলা আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করে।দলীয় সূত্র জানায়, গত ৮ নভেম্বর রাতে জেলার ১২টি থানাসহ ২৩টি সাংগঠনিক কমিটির নাম ঘোষণা করা হয়। এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিলে তা স্থগিত করে ২৫ নভেম্বর আবার ২৩টি সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে পৌর ও থানা কমিটির সম্মেলন ১৫ জানুয়ারির মধ্যে এবং জেলা সম্মেলন ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়।শিবগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মীর শাহে আলম, সোনাতলার আহ্বায়ক আহসানুল তৈয়ব জাকিরসহ কয়েকজন সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, চিঠি পাওয়ার পর কমিটি জমা দিয়েছেন। কিন্তু তা অনুমোদন না হওয়ায় সম্মেলন করা যায়নি।এমন পরিস্থিতিতে জেলা সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে বিএনপির আহ্বায়ক কমিটির সভা গত সোমবার স্থানীয় একটি মোটেলে অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ এই সভায় প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবর রহমানের সভাপতিত্বে এই সভায় জেলা আহ্বায়ক কমিটির সব সদস্য ও ২৩টি সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত কয়েকজন নেতা জানান, জেলার অধিকাংশ নেতাই চান নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হোক। কিন্তু যুগ্ম আহ্বায়ক ও তাঁর অনুসারীরা চান কমিটি মনোনীত করা হোক। তাঁরা জানান, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সভায় বলেছেন, বিগত দিনে বিএনপির সাংসদেরা গম চুরি করে খেয়েছেন বলেই এক-এগারো এসেছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায়। এরপর সভার প্রধান অতিথি হারুনর রশিদ সবাইকে শান্ত করে বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে। এভাবেই কোনো সিদ্ধান্ত ছাড়াই সভার কাজ শেষ হয়। ওই সভায় ৩১ জানুয়ারির মধ্যে জেলা সম্মেলনের ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি।’জেলা বিএনপির আহ্বায়ক প্রথম আলোকে বলেন, ১৫ জানুয়ারির মধ্যে সম্মেলন করতে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু কেউ কমিটি জমা দিয়েছে, আবার কেউ দেয়নি। জেলা কাউন্সিল করা নিয়ে গত সোমবার যে সভা হয়েছে, তাতেও কোনো সিদ্ধান্ত হয়নি। সাইফুল ইসলাম বিএনপির এমপিদের সম্পর্কে বাজে মন্তব্য করেছেন বলে তিনি জানান। সাইফুল ইসলাম বিএনপির সাংসদদের সম্পর্কে বাজে মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সভায় বলা হয়েছে দলের চেয়ারপারসন যে সিদ্ধান্ত দেবেন, সেটাই আমরা মেনে নেব।’