নির্বাচিত প্রতিনিধিদের ৭৮ শতাংশ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ক্রমশ ব্যবসায়ীদের করায়ত্ত হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। কারণ নির্বাচনে শুধু ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব থাকলে অন্যান্য যোগ্য প্রার্থীর সুযোগ থাকে না। ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কেমন জনপ্রতিনিধি পেলাম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য উঠে এসেছে। গতকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজমুদার। তিনি বলেন, হলফনামায় দাখিল করা তথ্যের বিশ্লেষণে দেখা যায়, গাজীপুর সিটি নির্বাচনে নির্বাচিত ৭৭ জন জনপ্রতিনিধির মধ্যে ৬০ জন (৭৮%) ব্যবসায়ী। তবে সংরক্ষিত আসনের কাউন্সিলরদের বাদ দিলে এই হার দাঁড়ায় ৯৮.২৭% (৫৮ জনের মধ্যে ৫৭ জন)। অর্থাৎ ব্যবসায়ীরাই গাজীপুর সিটি করপোরেশনকে করায়ত্ত করেছেন। বদিউল আলম মজুমদার বলেন, নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে বর্তমানে দুটি এবং অতীতেও পাঁচটি মামলা ছিল। ৫৭ জন ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে বর্তমানে ১৭ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এদের মধ্যে ৭০.৫৮% (১২ জন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ২৩.৫২% (চারজন) বাংলাদেশ আওয়ামী লীগ-সমর্থিত। সুজনের নির্বাহী সদস্য জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনের মতো গাজীপুর সিটি করপোরেশনেও ব্যবসায়ীরা অধিক হারে নির্বাচিত হয়েছেন। যদিও ব্যবসায়ী হওয়াটা দোষের কিছু নয়; তবে আশঙ্কার দিকটি এই যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতেও ধীরে ধীরে অন্যান্য শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিত্ব হ্রাস পাচ্ছে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার ও ঢাকা জেলা কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল হাসনাত।