নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ ও তাঁদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে গতকাল রোববার শহরে মানববন্ধন ও সমাবেশ করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।সকালে শহরের প্রধান সড়কে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নির্বাচিত কাউন্সিলর হেলাল উদ্দিন কবীর, আকতার কামাল, মিজানুর রহমান, হুমাইরা আকতার, ছালামত উল্লাহ, ওমর ছিদ্দিক, মনজুমন নাহার, সাইফুদ্দিন খালেদ, জিসানউদ্দিন, কোহিনূর আকতার প্রমুখ।সংহতি প্রকাশ করে সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ইয়াসিন হাবিব, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আরা হক, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, শহর জাসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, জেলা জাপার যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিন, দৈনিক দৈনন্দিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, ‘গত ২৭ জানুয়ারি কক্সবাজার পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও নির্বাচিত মেয়র ও ১৬ কাউন্সিলর শপথ নিতে পারছেন না। এতে পৌরসভায় অচলাবস্থা দেখা দিয়েছে। পৌরসভার বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন নাগরিক সুবিধা থেকে। তাই অধিকার আদায়ের জন্য আমরা মাঠে নেমেছি।’গত বুধবার কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গত ২৭ জানুয়ারি কক্সবাজার, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচন হলেও শুধু কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র, চার নারী ও ১২ জন পুরুষ কাউন্সিলরকে শপথ গ্রহণ থেকে বঞ্চিত রাখা হচ্ছে। আট মাস ধরে শপথ ও দায়িত্ব হস্তান্তর না করায় একটি চক্র পৌরসভার তহবিল লুটপাট করছে।কাউন্সিলররা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত গণসংযোগ এবং রাজনৈতিক দল, সামাজিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়, ৯ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণ-অনশন, ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গণসমাবেশ ও ১৬ অক্টোবর বেলা তিনটায় শহরের পাবলিক হল মাঠে মহাসমাবেশ করা হবে। মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।