খাগড়াছড়ি পৌরসভা এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এখন দৃশ্যমান। রাস্তাঘাট প্রশস্ত হচ্ছে। নতুন পৌর মার্কেট নির্মিত হচ্ছে। পর্যটক আকর্ষণের জন্য বানানো হচ্ছে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর আধুনিক কফি হাউস। আগের তুলনায় পার্বত্য এই জেলা শহর এখন অনেক পরিচ্ছন্নও।
তবে শহরের সব মানুষের চলাফেরা ও আচার-আচরণ সমান স্বচ্ছন্দ কিংবা স্বতঃস্ফূর্ত নয়। কিছু মানুষের শরীরী ভাষায় বেপরোয়া ভঙ্গি। অন্যদের চলাফেরা ও কথাবার্তায় যেন একটা অবদমিত ভাব। দৃশ্যত দ্বিতীয় পর্যায়ের লোকের সংখ্যাই বেশি।
এর কারণ খুঁজতে শহরের টমটমচালক (ব্যাটারিচালিত অটোরিকশা) থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, চাকরিজীবী, রাজনৈতিক কর্মীসহ অনেক লোকের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এর একটি কারণ পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক-সামাজিক বাস্তবতাসহ কিছু বিশেষ বৈশিষ্ট্য। অন্যটি হচ্ছে, পৌর মেয়রকে অনেকে ভয় পান। কিন্তু পৌরসভাবাসীর ভোটে দ্বিতীয় দফায় নির্বাচিত মেয়র রফিকুল আলমকে মানুষ কেন ভয় পাবে? এবার তো তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন! এই জয়ের জন্য নির্বাচনী কৌশলের পাশাপাশি জনপ্রিয়তাও থাকতে হয়। এমন কথায় তাঁরা বললেন, মেয়রের কিছু কর্মকাণ্ড এর কারণ। তাঁরা কিছু কর্মকাণ্ড উল্লেখ করে অভিযোগও করলেন।
তাঁদের অভিযোগ, ইঙ্গিতে সন্দেহ জাগে, এই জনপ্রতিনিধি কি জনপ্রিয়তার আড়ালে গডফাদার হয়ে উঠছেন? ৮ মার্চ খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এই সন্দেহের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তিনি মোটেই গডফাদার নন। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পৌরসভার উন্নয়ন ও সাধ্যমতো জনসেবা করে যাচ্ছেন। এ জন্যই পৌরবাসী দ্বিতীয় দফায় ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করেছেন।
মেয়রের বিরুদ্ধে একটি অভিযোগ, বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকজনকে তিনি নিজের হাতে মারধর করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, মানুষ বিচারের জন্য আসে। তাই কখনো কখনো কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। কয়েকটি ঘটনা তিনি মনে করতে পারেননি।
যাঁরা মারধরের শিকার হয়েছেন, তাঁরাও এ ব্যাপারে ‘আর কোনো কথা’ বলতে চাননি। আরেকটি অভিযোগ হচ্ছে, স্থানীয় সাংবাদিকদের একটি মানববন্ধন কর্মসূচিতে ‘মাস্তান বাহিনী’ পাঠিয়ে মাইক কেড়ে নেওয়া, সাংবাদিকদের জবাই করার হুমকি দেওয়া এবং মানববন্ধন ভন্ডুল করার চেষ্টা করা হয়। ওই ঘটনার সময় পুলিশের একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
এই অভিযোগ সম্পর্কে মেয়র বলেন, মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা ওই ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কাজেই এ বিষয়ে এখন কিছু না বলাই ভালো। কারণ, পুলিশের তদন্তেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।
পরে জানা গেছে, জিডির বিষয়ে পুলিশের দেওয়া প্রতিবেদনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ৯ জনকে দায়ী করা হয়েছে। তবে দায়ী ব্যক্তিদের কারও বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মেয়র বাজার ফান্ড প্রশাসনের কিছু জায়গা পৌরসভার দখলে নিয়েছেন এবং কয়েকটি স্থাপনা ভেঙে সেখানে পৌরসভার পরিকল্পিত স্থাপনা তৈরি করেছেন। বাজার ফান্ড সরকারি প্রতিষ্ঠান। সে ক্ষেত্রে এ ধরনের কাজ করা ঠিক হয়েছে কি না, জানতে চাইলে মেয়র বলেন, তিনি যা করেছেন তা পৌরসভা আইন অনুযায়ী করেছেন। বাজার ফান্ড প্রশাসনকে তার সীমাবদ্ধতা বুঝতে হবে। শহরের একাধিক পুকুর ভরাট ও দখলের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এগুলো পৌরসভারই সম্পত্তি। অন্যের দখলে ছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে।
অভিযোগ আছে, স্বনামে-বেনামে পৌরসভার প্রায় সব ঠিকাদারি কাজ মেয়র করছেন। এই অভিযোগের বিষয়ে রফিকুল আলম বলেন, খাগড়াছড়ি একটি প্রথম শ্রেণির পৌরসভা। এখানে ই-টেন্ডারিং ব্যবস্থা চালু করা হয়েছে। কাজেই এখানে দরপত্র নিয়ে ঠিকাদারদের অস্বাভাবিক কিছু করা সম্ভব নয়।
পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বর্ণনা করে মেয়র রফিকুল আলম বলেন, এগুলো পরিকল্পনা অনুযায়ীই করা হচ্ছে। পৌর এলাকার উন্নয়নকে আরও সুশৃঙ্খল করার জন্য তিনি একটি পেশাদারি প্রতিষ্ঠানকে দিয়ে ২০ বছর (২০১১-৩০) মেয়াদি একটি মহাপরিকল্পনা প্রণয়ন করাচ্ছেন। শহরের কুমিল্লা টিলায় তিনি নিঃস্ব বিধবা, স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী প্রভৃতি জনগোষ্ঠীর জন্য একটি আবাসন প্রকল্প করছেন। সেখানে প্রথম পর্যায়ে ৩৪ ও দ্বিতীয় পর্যায়ে ৪০টি ঘর তৈরি করা হবে। এর মধ্যে ৯টি ঘর তৈরির কাজ শেষ হয়েছে।
কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ড থেকে পৌরসভার কোনো কোনো এলাকা বঞ্চিত। ক্ষুদ্র জাতিসত্তা অধ্যুষিত খবংপড়িয়া ও নিউজিল্যান্ড রোড এমন দুটি এলাকা। এ বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, এ দুটি এলাকার জন্য উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। শিগগিরই বাস্তবায়ন শুরু করা হবে।