নির্বাচিত হওয়ার পর কেউ কথা রাখেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। এই গ্রামের মানুষকে ফরাজীবাড়িরঘাট দিয়ে নৌকায় করে ধলেশ্বরীর শাখা নদী পার হয়ে মুন্সিগঞ্জ শহরে যেতে হয়। গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন থেকে এখানে একটি সেতু নির্মাণ করার দাবি জানিয়ে আসছেন।
গ্রামবাসীরা জানান, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত যতগুলো সংসদ নির্বাচন হয়েছে, প্রতিবারই আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত তাঁদের কেউই কথা রাখেননি।
মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক থেকে কৃষি ব্যাংকের অপর দিক দিয়ে পূর্বদিকে মোল্লাপাড়া গ্রামে যাওয়ার জন্য একটি পাকা সড়ক রয়েছে। সড়কটি কিছুদূর যাওয়ার পরেই ফরাজীবাড়িরঘাট। সেখানে ধলেশ্বরীর শাখা নদী মোল্লাপাড়াকে শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। প্রাথমিক বিদ্যালয় থাকলেও গ্রামটিতে কোনো মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই। শিক্ষার্থীরাসহ দৈননিন্দন কাজে গ্রামটির বাসিন্দাদের প্রতিদিন নদী পার হয়ে শহরে যেতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়।
গ্রামবাসী জানায়, মোল্লাপাড়া গ্রামে সবজি ও আলুর প্রচুর ফলন হয়। এই সবজি ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কিন্তু ধলেশ্বরীর শাখা নদীতে সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহন ব্যয় বেড়ে যায়। পাশাপাশি সময়ও নষ্ট হয়।
৩৫ বছর ধরে ধলেশ্বরীর এই শাখা নদীতে খেয়া পারাপার করে আসছে মাঝি মোল্লারচর গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৬৫)। তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে গ্রামের মানুষকে খেয়া পার কইরা আইতাছি। এইহানে বিএনপি ও আওয়ামী লীগের সব এমপি প্রার্থীরাই আইয়্যা নির্বাচিত হলে সেতু কইরা দিব কয়। কিন্তু আর পাস কইরা গেলে মনে থাহে না।’
মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর নারগিস আক্তার বলেন, মোল্লাপাড়া গ্রামটি বিশাল। এখানে ১২ হাজার মানুষের বসবাস।সেতু না থাকার কারণে এই বিপুলসংখ্যক মানুষকে দিনের পর দিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল আহমেদ বলেন, ‘আমরা বিএনপির সাংসদ থেকে শুরু করে আওয়ামী লীগের সবার কাছেই সেতুটি করার জন্য গিয়েছি। সর্বশেষ সাংসদ মৃণালকান্তির কাছেও আমরা গিয়েছি। সেতুটি করার জন্য তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক তিনি এখন কী করেন।’
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোল্লা শাহ নেওয়াজ বলেন, এখানে সেতু নির্মাণ করার ব্যাপারে এলজিইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি।
মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ মৃণাল কান্তি দাস প্রথম আলোকে বলেন, ‘যুগনীঘাটে মোল্লাপাড়ার মানুষের জন্য সেতু নির্মাণ আমি করবই। সেতুটি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন।’