নির্বাচিত হলে নগরবাসীকে পাঁচ বছর সেবা দেবেন আনিসুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় এক শিশুর সঙ্গে দুষ্টুমিতে মাতেন তিনি। ছবি: ফোকাস বাংলা
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় এক শিশুর সঙ্গে দুষ্টুমিতে মাতেন তিনি। ছবি: ফোকাস বাংলা

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক নির্বাচিত হলে নগরবাসীকে পাঁচ বছর সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি।

আনিসুল হক বলেন, নগরবাসীর জন্য কাজ করতে তিনি পরিবারের কাছ থেকে পাঁচ বছর সময় নিয়েছেন। এই পাঁচ বছর শুধু নগরবাসীর সেবায় কাজ করার প্রতিশ্রুতি দেন।

সকাল ১০টার দিকে মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন আনিসুল হক। প্রথমেই তিনি সূচনা কমিউনিটি সেন্টারে এক সভায় অংশ নেন। সভায় ভোটারদের উদ্দেশে বলেন, ‘দেশের বৃহত্তর রাজনৈতিক দল আমাকে সমর্থন দিয়েছে। আমি মানুষের কাছে যাচ্ছি। নির্বাচিত হলে পাঁচ বছর নগরবাসীর জন্য কাজ করব।’

এর সঙ্গে আনিসুল হক যোগ করেন, ‘সব দলের সমর্থিত প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। আমি প্রতিদিন সকাল থেকে মানুষের কাছে যাচ্ছি। প্রচারণা চালাচ্ছি। আশা করি, মানুষ আমাকে সমর্থন দেবে।’

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আনিসুল হক প্রচারণার অংশ হিসেবে মোহাম্মদপুর এলাকার জাপান গার্ডেন সিটি, পিসি কালচার এলাকা, তাজমহল রোড, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর বাজার ও লালমাটিয়া এলাকায় ঘুরে বেড়ান। এ সময় তিনি পথচারী, স্থানীয় ছোট ব্যবসায়ীসহ সবার কাছে টেবিল ঘড়ি মার্কায় ভোট চান।

বেলা দুইটার পর মোহাম্মদপুর বাজার, সলিমুল্লাহ রোড, বাবর রোড, ইকবাল রোড, বিজলী মহল্লা হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আনিসুল হকের নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা প্রত্যাহার করা হয়।