নির্বাচিত হলে 'ওয়ানস্টপ সার্ভিস' চালু করার প্রতিশ্রুতি নাছিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা নিতে নগরবাসীকে যাতে হয়রানির শিকার হতে না হয়, সে জন্য মেয়র নির্বাচিত হলে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। সিটি করপোরেশনকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার কথাও বলেন তিনি।
গতকাল শনিবার গণসংযোগকালে আ জ ম নাছির উদ্দিন ঘোষণা দেন, মেয়র নির্বাচিত হলে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে কোনো আর্থিক সুযোগ-সুবিধা নেবেন না।
গতকাল সকাল ১০টায় আ জ ম নাছির দেওয়ানহাটের শাহ সুফি আকবর শাহর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেন। ধনিয়ালাপাড়া, কদমতলী, বায়তুশ শরফ, ডিসি রোড, পাঠানটুলী, নাজিরপুল সুপারিপাড়া, পাঠানটুলী বউবাজার, পান্নাপাড়া, আশরাফ রোড, হালিশহর রোড, হাজিপাড়া, মুহুরিপাড়া, রঙ্গিপাড়া, মোল্লাপাড়া, খান সড়ক, আবদুল হাকিম সড়ক, সিটিজি কলোনি ঈদগাহ, পূর্ব রামপুরা, বরফকল ও বড়পুকুর পাড় এলাকায় গণসংযোগ করেন তিনি।
আ জ ম নাছির রিকশায় চড়ে এলাকায় অলিগলি ও ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় অনেক ভোটার তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।
আ জ ম নাছির উদ্দিন ভোটারদের উদ্দেশে বলেন, ‘এবার আমাকে মেয়র নির্বাচিত করুন। আমাকে দেখুন, পরখ করুন, আমি কী করি। আমি কথা দিচ্ছি, আপনাদের ভালো-মন্দ সব খবর সব সময় নেব। আপনাদের সঙ্গে আলোচনা করে নগরের সমস্যা দূর করতে কাজ করব।’
গণসংযোগে নাছিরের সঙ্গে ছিলেন তাঁর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইছাহাক মিয়া, সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন প্রমুখ।
গণসংযোগের সময় ইছাহাক মিয়া ভোটারদের উদ্দেশে বলেন, ‘আ জ ম নাছির উদ্দিন মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ঠকান না। মেয়র পদে ভোট দিয়ে তাঁকে একবার যাচাই করুন। তিনিই গণমানুষের প্রকৃত নেতা—সেটা প্রমাণিত হবে।’
সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি গণসংযোগকালে নগরবাসীর উদ্দেশে বলেন, ‘আ জ ম নাছির উদ্দিন শেখ হাসিনার কাছে সততার পরীক্ষায় উত্তীর্ণ। তাই অনেক যাচাই-বাছাই করে তাঁকে মেয়র পদে প্রার্থী হতে বলেছেন। ভোটাররা যদি সত্যিকার অর্থে আ জ ম নাছির উদ্দিনকে মেয়র বানাতে পারেন, তাহলে শেখ হাসিনা তাঁর হাত দিয়েই চট্টগ্রামের জনগণের ভাগ্য বদলে দেবেন।’