নির্বাচিত হয়েই বেপরোয়া সংঘর্ষে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের এলাঙ্গী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১১ দিন পর আওয়ামী লীগের নির্বাচিত ও বিএনপির পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজনের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। এতে চেয়ারম্যানের পক্ষের দুই কর্মী আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে এলাঙ্গী ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এম এ তারেক হেলালের কাছে বিএনপির আতাউর রহমান পরাজিত হন। এরপর থেকেই দুজনের কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
গত বুধবার রাতে আতাউর রহমানের সমর্থক অসীম হোসেন এলাঙ্গী বাজার থেকে এক নারীকে মোটরসাইকেলে নিয়ে রাঙামাটি গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তারেকের সমর্থক এলাঙ্গী ইউপির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সদস্য দোলা মিয়া পথরোধ করে অসীমের মোটরসাইকেল থামিয়ে তাঁর সঙ্গে থাকা ওই নারীর পরিচয় জানতে চান। কিন্তু অসীম ওই নারীর পরিচয় জানাতে অস্বীকৃতি জানালে আমিনুল ও দোলা মিয়ার লোকজন তাঁকে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন। এ সময় ওই নারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এরই জের ধরে গতকাল সকালে আতাউর রহমান ও তাঁর লোকজন রাঙামাটি গ্রামে দোলা মিয়ার বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করতে যান। এ সময় দুই পক্ষ বাগ্বিতণ্ডার জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমিনুল ও দোলা মিয়া আহত হন। তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আতাউর রহমান বলেন, ‘আমার কর্মী অসীম তাঁর এক পরিচিত নারীকে মোটরসাইকেলে করে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তারেকের দুই কর্মী অসীমকে মারপিট করে মোটরসাইকেলটি ছিনতাই করে এবং ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই নারী পালিয়ে আত্মরক্ষা করেন। পরের দিন সকালে মোটরসাইকেলটি উদ্ধার করতে গেলে মারধরের ঘটনা ঘটে।’
এম এ তারেক হেলাল অভিযোগ অস্বীকার করে বলেন, অসীম অপরিচিত এক নারীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁর মোটরসাইকেলটি থামিয়ে ওই নারীর পরিচয় জানতে চাওয়া হয়। তখন অসীম ও ওই নারী মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। মোটরসাইকেল ছিনতাই বা কোনো নারীর শ্লীলতাহানির চেষ্টা হয়নি। তারেক আরও বলেন, ‘আতাউর রহমান নির্বাচনে হেরে গিয়ে প্রতিহিংসাবশত আমার দুই কর্মীকে মিথ্যা অভিযোগে মারপিট করেছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।