বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে তাঁরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে এঁদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, খুন ও রাহাজানির অভিযোগ ছিল। কেউ কেউ আবার ছিলেন দণ্ডপ্রাপ্ত। এঁরা হলেন চট্টগ্রামের ১২টি ইউপির ১২ জন চেয়ারম্যান। বিগত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর এসব চেয়ারম্যান পালিয়ে যান। ফলে ভারপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে চলছে এসব ইউপির কাজ। পলাতক চেয়ারম্যানদের কেউ কেউ এবার ইউপি নির্বাচনে প্রার্থী হতে তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে। ১২ জন ইউপি চেয়ারম্যান হলেন—ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের আবুল কাশেম, আনোয়ারা সদরের শহীদুল ইসলাম, বাঁশখালীর কালিপুরের আমিনুর রহমান চৌধুরী, রাঙ্গুনিয়ার পারুয়ার মো. ইব্রাহিম হোসেন, ইসলামপুরের জসিম উদ্দিন, বোয়ালখালীর অহল্লা করলডাঙ্গার নজরুল ইসলাম, পটিয়ার জঙ্গলখাইনের আবু তালেব মুন্সি, সন্দ্বীপের মগদরার কাউছার আহমদ, বাউরিয়ার মো. শাহাবুদ্দিন, সন্তোষপুরের জবিউল পারভেজ, আজিমপুরের আবদুল ওহাব কবির ও হরিশপুরের খায়রুল মোস্তফা। নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত আইইডির (ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট) জেলা সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের সতর্ক থাকতে হবে। কারণ দীর্ঘমেয়াদে কোনো প্রতিনিধি সেবা দিতে না পারলে তাঁদের নির্বাচিত করে সুফল পাওয়া যাবে না—এ চিন্তা থেকে সন্ত্রাসী, চাঁদাবাজ, কালো টাকার মালিক, মামলার আসামিদের ভোট দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।’জানা গেছে, ফটিকছড়ির কাশেম ও আনোয়ারার শহিদুল চট্টগ্রামের বিএনপির নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন হত্যা ও অপহরণসংক্রান্ত চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি। ছয় বছর ধরে তাঁরা পলাতক। বিএনপির নেতা আমিন বাঁশখালীর সংখ্যালঘু পরিবারের ১১ জন লোককে ঘুমের মধ্যে পুড়িয়ে মারার মামলার আসামি। রাঙ্গুনিয়ার কৃষক সোবাহান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম। জসিম উদ্দিন একটি হত্যা মামলার আসামি হিসেবে ২০০৬ সালে গ্রেপ্তার হন। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন। বোয়ালখালীর নজরুল ১৮ মামলার পলাতক আসামি।নির্বাচন কমিশনের আইনে বলা হয়েছে, কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ন্যূনতম দুই বছরের সাজা ভোগ করার পর অন্তত পাঁচ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এ কারণে রাঙ্গুনিয়ার ইব্রাহিম এবারের নির্বাচনে প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন। রোয়ালখালীর নজরুল ছয় মাস ধরে নিখোঁজ। বাকিদের মধ্যে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তৎপরতা শুরু করেছেন বাঁশখালীর আমিন, পটিয়ার আবু তালেব ও সন্দ্বীপের কাউছার আহমেদ। বাঁশখালীর কালিপুরের আমিনুর রহমান বলেন, ‘আমি মামলার কারণে মাঝখানে দুই বছর ছিলাম না। তখন জনগণ আমার অভাব অনুভব করেছে। তাই এখন তাদের দোয়া ও চাপে ইনশাআল্লাহ আবার নির্বাচন করব।’