নির্বাচিত হয়েও পুলিশে চাকরি পাচ্ছেন না শ্রাবণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকেই ময়মনসিংহ শহরে বসবাস শ্রাবণী রানী দত্তের। তবে নিজেদের বাড়ি নেই। তাই ওই জেলার ‘স্থায়ী বাসিন্দা’ হতে পারেননি। এ কারণেই পুলিশ কনস্টেবলের চাকরি হয়নি তাঁর।
শ্রাবণী ও তাঁর পরিবার বলছে, লিখিত, মৌখিক ও অন্যান্য পরীক্ষার পর পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন শ্রাবণী। কিন্তু ভাড়া বাড়িতে থাকার যুক্তি দেখিয়ে ‘চাকরিবঞ্চিত’ করা হয়েছে তাঁকে।
শ্রাবণীদের আদি নিবাস পাশের জেলা নেত্রকোনায়। তবে সেখানেও পরিবারটির ভূসম্পত্তি নেই। এখন থেকে প্রায় ৪০ বছর আগে শ্রাবণীর বাবা পল্লব দত্ত নেত্রকোনা ছেড়ে ময়মনসিংহ শহরে এসে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। ময়মনসিংহের স্থায়ী বাসিন্দা হিসেবে এ জেলা থেকেই কনস্টেবল পদে চাকরির আবেদন করেছিলেন তিনি। গত ৩ থেকে ১৩ ডিসেম্বর এ পদে বাছাই, লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে নির্বাচিতও হন। ১৪ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে পুলিশ যাচাইয়ের জন্য তাঁর বাড়িতে আসে। পরিবার থেকে এ সময় পুলিশকে জানানো হয়, নেত্রকোনায় পূর্বপুরুষেরা বসবাস করতেন। তবে সেখানে ভূসম্পত্তি নেই। এ কারণে চার দশক ধরে তাঁরা ময়মনসিংহেই বাস করছেন।
এরপর গত জানুয়ারির মাঝামাঝি শ্রাবণীকে জেলা পুলিশ লাইনে যেতে বলা হয়। সেখানে গেলে পুলিশ কর্তৃপক্ষ জানায়, বরাবর ভাড়া বাড়িতে থাকার কারণে তাঁকে চাকরিতে নেওয়া হবে না। পরে সব শিক্ষা সনদ ফেরত দেওয়া হয়।
শ্রাবণী প্রথম আলোকে বলেন, ‘বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও শুধু ভাড়া বাড়িতে থাকার কারণে একটি জেলার স্থায়ী বাসিন্দার স্বীকৃতি না পাওয়া দুঃখজনক। এ ধরনের নিয়মের পরিবর্তন করা উচিত।’
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এ এইচ খালেকুজ্জামান বলেন, ‘স্থায়ী ঠিকানার জটিলতার কারণে তাঁর চাকরি না হওয়াটা দুঃখজনক।’
ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘এই নিয়ম অনেক আগের। আমাদের করার কিছু নেই।’