নির্বাচিত ৯ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রশ্নোত্তর পর্ব ভাষা প্রতিযোগ উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ। বাংলাদেশ, বাংলা ভাষা ও ভাষাবিষয়ক কত অদ্ভুত-মজার প্রশ্ন যে শিক্ষার্থীদের মাথায় খেলা করে! নয়টি জেলায় ঘুরে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছে ভাষা প্রতিযোগের শিক্ষক দল। সেসব প্রশ্নের মধ্য থেকে বাছাই করা নয়টি ছাপা হলো পাঠকদের জন্য।
.
.

১. গবেষণা শব্দটাকে ভাঙলে হয় গো+এষণা। গো মানে গরু, আর এষণা মানে খোঁজা। তাহলে শব্দটার অর্থ ‘গরু খোঁজা’ হলো না কেন?
উত্তর: অনেক শব্দই সন্ধির মাধ্যমে মূল অর্থ থেকে বদলে যায়। তবে গবেষণার কাজটা কিন্তু গরু খোঁজার মতোই কঠিন!
২. ত্রিশের আগে উনত্রিশ, চল্লিশের আগে উনচল্লিশ, পঞ্চাশের আগে উনপঞ্চাশ...তাহলে বিশের আগে উনবিশ না হয়ে উনিশ হলো কেন?
উত্তর: ঊনবিংশ শব্দটাই আসলে সংক্ষেপে উনিশ হয়ে গেছে।
৩. আমরা জানি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস কি তাহলে পাকিস্তানেও পালিত হয়?
উত্তর: ইউনেসকো যেহেতু দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, সুতরাং সব দেশকেই এই দিবস পালন করতে হয়।
৪. র, ড়, ঢ়। বাংলা ভাষায় এতগুলো ‘র’ কেন?
উত্তর: যদি এতগুলো ‘র’ না থাকত, তাহলে ‘আমরা আমড়া খাই’—এই কথার মানে তুমি কী করে বুঝতে?
৫. ছেলেধরা বলা হয়, মেয়েধরা কেন বলা হয় না?
উত্তর: ছেলেবেলা বলতে যেমন শিশু বয়সটা বোঝানো হয়, ছেলেধরা বলতেও তা-ই।
৬. চিলেকোঠা শব্দটা কীভাবে এল? চিলেকোঠায় কি চিল থাকে?
উত্তর: না। একচিলতে কোঠা থেকেই এসেছে চিলেকোঠা।

৭.আমরা বলি চাঁদ মামা, বাঘ মামা, পাখি ভাই...এগুলো কীভাবে ঠিক হলো? কেন আমরা চাঁদ খালা বলি না? বাঘ চাচা বলি না? কিংবা পাখি আপু ডাকি না?
উত্তর: মামা আমাদের যেমন আপন, তেমন চাঁদও আপন। আবার বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে আদর করে আমরা তাকে ডাকি মামা। পাখিকেও ভালোবেসে ভাই ডাকা হয়। বাংলা গল্প-ছড়া-রূপকথার মধ্য দিয়ে এই সম্পর্কগুলো তৈরি হয়ে গেছে। তুমি চাইলে চাঁদ খালা, বাঘ চাচা কিংবা পাখি আপুও ডাকতে পারো। চাঁদ, বাঘ কিংবা পাখিরা রাগ না করলেই হলো!

৮. আবির্ভাব লিখতে রেফ ব্যবহার করা হয়, কিন্তু দরজা বানানে ‘দর্জা’ না লিখে ‘র’ ব্যবহার করা হয় কেন?
উত্তর: বিদেশি শব্দগুলো হসচিহ্ন ব্যবহার না করে ভেঙে লেখার প্রবণতাই বেশি দেখা যায়।

৯. এই আয়োজনের নাম ভাষা প্রতিযোগিতা না হয়ে ভাষা প্রতিযোগ হলো কেন?
উত্তর: গত ১১ বছরে ছাত্রছাত্রীরা এই প্রশ্নটাই সবচেয়ে বেশি করেছে। ‘প্রতিযোগ’ আর ‘প্রতিযোগিতা’ দুটোই কিন্তু বিশেষ্য, দুটোই একই অর্থ বহন করে। অধ্যাপক আনিসুজ্জামান, যিনি কিনা এই উৎসবের আহ্বায়ক, এই ‘প্রতিযোগ’ শব্দটি অভিধান থেকে তুলে এনেছেন আমাদের জন্য।