নির্বাচন কমিশন (ইসি) রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে। গত সোমবার এই গেজেট প্রকাশ করা হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নবনির্বাচিতদের শপথ পড়াতে হবে। সে ক্ষেত্রে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে চার সিটির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়াতে হবে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, ৩০ দিনের মধ্যেই নবনির্বাচিতদের শপথ পড়ানো হবে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটানো হবে না।
মেয়রদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সচিব বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ওই ব্যাখ্যা পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৫ জুন উল্লিখিত চারটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে রাজশাহীতে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, খুলনায় মো. মনিরুজ্জামান, বরিশালে আহসান হাবীব কামাল ও সিলেটে আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হন। গেজেটে চার মেয়র ছাড়াও ১১৬ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ৩৮ জন নারী কাউন্সিলরের নাম ছাপা হয়েছে। নির্বাচন অসম্পূর্ণ থাকায় রাজশাহী ও সিলেটের দুটি ওয়ার্ডের গেজেট প্রকাশ করা হয়নি।
সিটি করপোরেশন আইন অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর, খুলনার ২৫ সেপ্টেম্বর এবং বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ৮ অক্টোবর। শপথ নেওয়ার পর নবনির্বাচিতদের দায়িত্ব কী হবে, এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যাখ্যা চেয়ে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।