দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার শেখ হাসিনাসহ বিজয়ী হয়েছেন ১০ জন নারী। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আরও আটজন। সাকল্যে নির্বাচনে অংশগ্রহণকারী মোট ২৭ নারীর মধ্যে বিজয়ী হয়েছেন ১৮ জন। এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিল ৫৪০ জন।
নির্বাচিত নারীদের মধ্যে এবার জাতীয় পার্টির তিনজন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের একজন ছাড়া বাকি ১৪ জনই আওয়ামী লীগের। সরাসরি নির্বাচিতদের মধ্যে জাতীয় পার্টির সালমা ইসলাম ছাড়া বাকি নয় জনই আওয়ামী লীগের। এবার আওয়ামী লীগ থেকে ১৪টি আসনে ১৩ নারী নির্বাচন করেছেন। এ ছাড়া জাতীয় পার্টির চারজন, জাতীয় পার্টি-জেপির দুজন, জাসদের একজন নারী, বিএনএফের দুজন এবং পাঁচ নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে জাতীয় পার্টির রওশন এরশাদ, নাসরিন জাহান এবং জাসদের শিরীন আখতার ছাড়া অন্যরা সবাই আওয়ামী লীগের। তাঁরা হলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, রেবেকা মমিন, মমতাজ বেগম, মেহের আফরোজ ও দীপু মনি।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সরাসরি নির্বাচনে দুটি আসন থেকে বিজয়ী হয়েছেন। এ ছাড়া মতিয়া চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, সাহারা খাতুন, বেগম মন্নুজান সুফিয়ান, মাহাবুব আরা বেগম গিনি, ইসমাত আরা সাদেক, সিমিন হোসেন রিমি এবং আয়েশা ফেরদাউস বিজয়ী হয়েছেন।