সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, দেশে সাংবিধানিক গণতন্ত্রের বদলে নির্বাচনী গণতন্ত্র চলছে। নির্বাচিতরা সবকিছু দখল করে নেয়। আর নির্বাচিত হওয়ার জন্য আমলাতন্ত্র, পুলিশ থেকে শুরু করে সবকিছুতে নিজেদের লোক নিয়োগ দেওয়ার চেষ্টা করে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণে কোনো কাজ করে না। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে শামসুল হুদা এ কথা বলেন। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে অশ্লীল হিসেবে চিহ্নিত করে শামসুল হুদা বলেন, এটি আসলে কালোটাকা, মাস্তানি আর মাফিয়াতন্ত্র। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, একজন সাধারণ মানুষ চাইলেই থানায় গিয়ে মামলা করতে পারে না। মামলা করা ও বিচার চাওয়া সাংবিধানিক অধিকার। সাধারণ মানুষ এটা পাচ্ছে না। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যাগুলো ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিন পর্বে বিভক্ত আলোচনার প্রথম পর্বে যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস রাষ্ট্রবিজ্ঞানী জিল্লুর রহমান খান ও বাংলাদেশে ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিডিআই) সৈয়দ স্বাদ আন্দালিব সম্পাদিত ডেমোক্রেসি ইন বাংলাদেশ: পলিটিক্যাল ডাইমেনশন অব ন্যাশনাল ডেভেলপমেন্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দ্বিতীয় পর্বে আলোচনায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘৪০ বছর ধরে শুনছি রাতারাতি সবকিছু হয়ে যাবে না। একটু ধৈর্য ধরেন। কিন্তু আমরা আর কত দিন অপেক্ষা করব?’ তিনি আরও বলেন, নির্বাচনী গণতন্ত্র শক্তিশালী করতে দেশে ৩০০ জন আইভী প্রয়োজন।জিল্লুর রহমান খান বলেন, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, অভিন্ন নদীগুলোর পানিবণ্টন, জ্বালানিসহ এই অঞ্চলের সমস্যাগুলোর সমাধানে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। সার্ক ও আসিয়ানকে একত্রে কাজ করার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিইআইয়ের চেয়ারম্যান ফারুক সোবহান। এতে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।