নির্বাহী আদেশে অপসারিত, বিচারিকে পুনর্বহাল
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে সরকারের নির্বাহী আদেশে অপসারিত হওয়ার প্রায় আড়াই মাস পর এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য উচ্চ আদালতের নির্দেশে নিজ পদে পুনর্বহাল হয়েছেন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ মার্চ থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের কয়লাখনিতে কর্মরত শ্রমিকেরা কাজ বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করেন। এই আন্দোলনের নেতৃত্ব দেন হরিরমাপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদুর রহমান শাহ্।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর দিনাজপুরের জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠান। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ এক নির্বাহী আদেশে ইউপি সদস্য মাসুদুর রহমানকে ১০ মার্চ তাঁর পদ থেকে অপসারণ করে।
১৩ মে পার্বতীপুর উপজেলা নির্বাচন কমিশন অপসারিত ইউপি সদস্যের শূন্য পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। ২৪ জুন ছিল ভোট গ্রহণের দিন। পদ থেকে অপসারণ ও ওই পদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিলের বিরুদ্ধে মাসুদুর রহমান হাইকোর্টে রিট আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম গঠিত দুই সদস্যের বেঞ্চ শুনানি শেষে ২৪ মে এ-সংক্রান্ত আগের সব আদেশ স্থগিত করে তাঁকে তাঁর পদে পুনর্বহালের আদেশ দেন।
পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক বলেন, হাইকোর্টের আদেশ পেয়ে তিনি মৌখিকভাবে সদস্য পদে উপনির্বাচনের তফসিল স্থগিত করেছেন। পরবর্তী সিদ্ধান্ত জানার জন্য স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কমিশনে আদালতের আদেশের কপিসহ চিঠি পাঠানো হয়েছে।