নির্বাহী আদেশে দাম বাড়ালে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আইনি প্রক্রিয়া ছাড়া সরকার নির্বাহী আদেশে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছেন সিএনজি স্টেশন ও বিভিন্ন গণপরিবহনের মালিকেরা। গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়। সংশ্লিষ্ট মালিকদের ছয়টি সংগঠন ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান সিএনজি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুল হোসেন চৌধুরী। এতে বলা হয়, ইতিমধ্যে চার মাসের ব্যবধানে দুই দফায় সিএনজির দাম ৭০ শতাংশ বাড়ানোয় তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আবার দাম বাড়ানো হলে তা হবে তাঁদের কফিনে শেষ পেরেক ঠোকার শামিল। তাই দাম বাড়ালে তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।সাজেদুল বলেন, সিএনজির ব্যবহার কমলে ঢাকা আবারও দূষণের নগরে পরিণত হবে। সিএনজির ব্যবহার বন্ধ হলে যানবাহনের জন্য বছরে অতিরিক্ত ১৩ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করতে হবে। তাতে দেশের অর্থনীতি আরও বিপর্যয়ের মুখে পড়বে। সিএনজি খাতকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এ খাতে এমনিতেই নাজুক অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে সারা দেশে ১৭০টি সিএনজি কনভার্শন ওয়ার্কশপ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া ৪০০ সিএনজি ফিলিংস্টেশন ঋণখেলাপি হয়ে পড়েছে। অন্যদিকে যে হারে গ্যাসের দাম বাড়ছে, সেই হারে অটোরিকশা, ট্যাক্সিক্যাব ও বাসে ভাড়া আদায় সম্ভব হচ্ছে না। ফলে ইতিমধ্যে শুধু ঢাকায় ৩০টি বাস কোম্পানি বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, সিএনজির দাম বাড়ানোর বিষয়ে তাঁর আগাম ঘোষণা উদ্দেশ্যমূলক ও আইনের পরিপন্থী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলা হয়, দফায় দফায় সিএনজির দাম বাড়ানোর কারণেই সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ঠিক রাখা যাচ্ছে না। এ খাতের অস্থিরতার জন্যও সরকার দায়ী। সিএনজি অ্যাসোসিয়েশন ছাড়া সংবাদ সম্মেলন আয়োজনকারী অন্য পাঁচটি সংগঠন হলো: অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপ, ট্যাক্সিক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফোরস্ট্রোক সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি। এসব সংগঠনের নেতাদের মধ্যে খন্দকার রফিকুল হোসেন, সাখাওয়াত হোসেন, আসলাম আলী, আবদুস সাত্তার, মো. শহীদুল্লাহ, বরকত উল্লাহ, ফরিদুল ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।