নির্বাহী ও বিচার বিভাগের টানাপোড়েন নিয়ে আলোচনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ‘টানাপোড়েন’ নিয়ে সংসদে আলোচনা করে বিষয়টি সুরাহার দাবি উঠেছে আইনসভায়।

গতকাল মঙ্গলবার অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় এ দাবি তোলেন বিরোধী দল জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, ‘দেশে এখন আতঙ্ক এবং ক্ষোভের কিছু একটা চলছে। আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী তিন বিভাগের যে ব্যবস্থাপনা দিয়েছেন, সেটা নিয়ে কথা হবে না। এরপরও আলোচনা হচ্ছে। মানুষ আস্থা হারিয়ে ফেলছে।’

ফখরুল ইমাম বলেন, ‘কেউ বলছে দেশে আইনের শাসন নেই। কারা বলছে, কীভাবে বলছে জানি না। সরকারের উচিত এগুলো গুরুত্ব দিয়ে দেখা।’ তিনি বলেন, ‘পার্লামেন্টের অগ্রাধিকার বা অথরিটি কী। এই পার্লামেন্ট সংবিধান উপহার দিয়েছে। বিচার বা নির্বাহী বিভাগ দেয় নাই। এই সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করে। সংসদ নেতা ঠিক করে, যিনি নির্বাহী বিভাগের প্রধান। দুইটা বিভাগ এখানেই আছে।’

এর আগে তিস্তার পানির ‘ন্যায্য’ হিস্যা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন স্বতন্ত্র সদস্য তাহজীভ আলম সিদ্দিকী।

গতকাল বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত।