নির্বাহী ও বিচার বিভাগের শীতল সম্পর্ক শেষ হওয়া দরকার: ডেপুটি স্পিকার

নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিরাজমান শীতল অবস্থার পরিসমাপ্তি প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। আজ বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় সরকারদলীয় সাংসদ নুরুল ইসলাম সুজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধিবেশনের সভাপতিত্বকালে ডেপুটি স্পিকার এ মন্তব্য করেন।
২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নুরুল ইসলাম বলেন, সম্প্রতি কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার ও বিচার বিভাগের মধ্যে একটা শীতল অবস্থা বিরাজ করছে বলে গণমাধ্যমে এসেছে। বিচার বিভাগ স্বাধীন একটি প্রতিষ্ঠান। বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। সংবিধানের ধারা অব্যাহত রাখা এবং গণতন্ত্র আরও সুসংহত করার জন্য বিচার বিভাগের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।
নুরুল ইসলামের বক্তব্যের পর ডেপুটি স্পিকার বলেন, এ শীতল অবস্থার পরিসমাপ্তি প্রয়োজন। তিনি আশা করেন, সাংসদেরাই এ ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।