ভ্রাম্যমাণ আদালত–সংক্রান্ত রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট
নির্বাহী কর্মকর্তাকে বিচারিক ক্ষমতা দেওয়া বিচার বিভাগের স্বাধীনতায় আক্রমণ
প্রজাতন্ত্রের সার্বভৌম বিচারিক ক্ষমতাকে নির্বাহী কর্মকর্তাদের হাতে দেওয়ার ঘটনাকে ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ’ (ফ্রন্টাল অ্যাটাক) বলে অভিহিত করেছেন হাইকোর্ট। ২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালতকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে এই অভিমত এসেছে। নির্বাহী কর্মকর্তাদের হাতে প্রজাতন্ত্রের বিচারিক ক্ষমতা ন্যস্ত করে সংসদ সংবিধানবিরুদ্ধ কাজ করেছে বলেও আদালত মন্তব্য করেন।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১১ মে কামরুজ্জামান খান বনাম বাংলাদেশ মামলায় ২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালত আইনকে সংবিধান পরিপন্থী ও এখতিয়ারবহির্ভূত হিসেবে ঘোষণা করেন। ৬৪ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় গত মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। হাইকোর্ট অবশ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবাদানের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের ধারণাকে সমর্থন করেছেন। তবে শর্ত হলো, এই আদালত অবশ্যই বিচারকদের দ্বারা পরিচালিত হতে হবে। কারণ, নির্বাহী কর্মকর্তারা বিচারিক ক্ষমতা প্রয়োগ করলে তা সংবিধানের দুটি মৌলিক কাঠামো—বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার পৃথক্করণের নীতিকে আঘাত করে। সে কারণে সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট তা সমর্থন করতে পারেন না।
আদালত বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত আইনের ৬(১) ধারা উল্লেখ করে বলেন, নির্বাহী কর্মকর্তারা কোনো অবস্থাতেই বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। উপরন্তু রাষ্ট্রপক্ষের স্বীকৃতিমতে, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ ও রেকর্ড করার ক্ষেত্রে যে প্রক্রিয়াগত বাধানিষেধ রয়েছে, তা ভ্রাম্যমাণ আদালত আইন নাকচ করেছে। তার থেকেও বড় যুক্তি হলো, নির্বাহী হাকিম তাঁর উপস্থিতিতেই অপরাধ ঘটেছে বলে বিচার করতে পারেন না। তিনি বড়জোর প্রসিকিউশনের পক্ষে সাক্ষী দিতে পারেন। সুতরাং যিনি সাক্ষী হবেন তিনি বিচারক হয়ে শাস্তি দেবেন, সেটা আইন সমর্থন করে না। ভ্রাম্যমাণ আদালতের ৮ ধারা তাই অন্তর্গতভাবে বৈষম্যমূলক। আদালত এর সপক্ষে উদাহরণ দিয়ে বলেন, প্রচলিত আইনে কোনো অপরাধের দায়ে বিচারিক আদালত যেখানে পাঁচ বছর পর্যন্ত শাস্তি দিতে পারছেন, সেখানে কোনো নির্বাহী হাকিম চাইলেও দুই বছরের বেশি কারাদণ্ড দিতে পারবেন না। অথচ দোষী সাব্যস্ত ব্যক্তির হয়তো পাঁচ বছরের দণ্ডই প্রাপ্য ছিল।
আদালত বলেন, এই আইনের আওতায় সরকার এখনো কোনো বিধিগত প্রক্রিয়া তৈরি করে দেয়নি। আইনের ৯ ধারা বলেছে, কোনো অভিযুক্ত তাঁর জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে দিতে ব্যর্থ হলে তাঁকে তিন মাস জেল খাটতে হবে। এখন কোনো ব্যক্তিকে যদি সন্ধ্যা সাতটায় ব্যাংক বন্ধ হওয়ার পরে ২০ লাখ টাকা জরিমানা দিতে হয়, তাহলে তাঁর পক্ষে সেটা তাৎক্ষণিক জোগাড় করা সম্ভব না-ও হতে পারে। জেলা প্রশাসকেরা প্রতিটি জেলায় নির্বাহী হাকিমদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কখনো শাস্তিদাতা আবার কখনো শাস্তির বিরুদ্ধে আপিল শ্রবণকারী। এ অবস্থাটি (১৩ ধারা) সংবিধানের ২৭, ৩১ ও ৩৫(৩) অনুচ্ছেদের লঙ্ঘন।
হাইকোর্ট বিভাগ রায়ের উপসংহারে যুক্তি দিয়েছেন, ‘আমরা ভ্রাম্যমাণ আদালতের ধারণার বিরোধী নই বরং সমর্থক। সন্দেহাতীতভাবে ভ্রাম্যমাণ আদালত “ফাস্ট ট্র্যাক” আদালত হিসেবে পরিচিত। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এবং তৃণমূল পর্যায়ে বিচারের সুবিধা দিতে ভ্রাম্যমাণ আদালতের মতো ব্যবস্থার প্রবর্তন অপরিহার্য। কিন্তু বিদ্যমান আইনের আওতায় যেভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে, তা আইনের শাসন এবং সংবিধানের ওপর একটি আক্রমণ।