নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দরপত্র ঘাপলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম হালিম উদ্দিনের বিরুদ্ধে দরপত্র ঘাপলার অভিযোগ পাওয়া গেছে। দরপত্রের নীতিমালা লঙ্ঘন করে একই দিনে দরপত্র বিক্রি ও গ্রহণ করা হয়। এতে প্রকৃত ঠিকাদারেরা দরপত্রে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
দরপত্রে অংশ নিতে না পারা ঠিকাদারেরা অভিযোগ করেন, যেসব ঠিকাদার নির্বাহী প্রকৌশলীকে ঘুষ দেন, কেবল তাঁদের কাছেই গোপনে দরপত্র বিক্রি ও গ্রহণ করা হয়৷ তিনি প্রকল্পের বরাদ্দ আনতে ঢাকায় টাকা খরচ হওয়ার কথা বলে ঘুষ নেন। এ ছাড়া, তিনি ঠিকাদারদের একটি চক্র তৈরি করে দীর্ঘদিন ধরে দরপত্র ঘাপলা করছেন।
গাইবান্ধার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্র জানায়, চলতি বছরের ১২ মে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় জেলার ১১৬টি ওয়াশ ব্লক (পায়খানা-প্রস্রাবখানা) নির্মাণে ২০টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। এর ব্যয় ধরা হয় চার কোটি ২২ লাখ ৬৬ হাজার টাকা। নিয়ম অনুযায়ী, বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, প্রচারসংখ্যা নেই, পত্রিকার নামই কেউ জানেন না—এ রকম একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমনকি নিজস্ব নোটিশ বোর্ডেও দরপত্রের বিজ্ঞপ্তি টাঙানো হয়নি।
এদিকে, ৯ জুন দরপত্র বিক্রয় এবং ১০ জুন দরপত্র গ্রহণের শেষ দিন নির্ধারণ করা হয়। কিন্তু নির্বাহী প্রকৌশলী প্রতিটি ওয়াশ ব্লক নির্মাণে ১০ হাজার টাকা ঘুষ নেন। কাগজ-কলমে নির্ধারিত তারিখে দরপত্র গ্রহণ দেখানো হলেও বাস্তবে ৮ জুন রাত দুইটা পর্যন্ত দরপত্র গ্রহণ করা হয়। গভীর রাতে দরপত্র গ্রহণের কাজ সম্পন্ন করা নিয়ে ওই রাতেই অপ্রীতিকর ঘটনাও ঘটে। কয়েকজন ঠিকাদারের সঙ্গে নির্বাহী প্রকৌশলীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা নির্বাহী প্রকৌশলীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ঠিকাদার অভিযোগ করেন, কমপক্ষে তিনটি পৃথক সরকারি কার্যালয়ে দরপত্র বিক্রি করার কথা। কিন্তু কোনো কার্যালয় থেকে তাঁরা দরপত্র পাননি। অথচ ৭০টি দরপত্র বিক্রীত দেখানো হয়। দরপত্রে প্রতিযোগিতা না হওয়ায় সরকারের লোকসানও হবে।
যোগাযোগ করা হলে গাইবান্ধার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম হালিম উদ্দিন দরপত্র ঘাপলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী দরপত্র বিক্রয় ও গ্রহণ করা হয়। এমনকি এসব দরপত্র মূল্যায়নের জন্য মূল্যায়ন কমিটির কাছে পাঠানো হয়েছে। অবশ্য তিনি লাঞ্ছিত হওয়ার কথা অস্বীকার করেন।