জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং তথ্য গোপনের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনীর অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. শাহআলমকে গ্রেপ্তার করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। গত মঙ্গলবার রাতে তাঁকে কুমিল্লা নগরের কান্দিরপাড় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
শাহআলমের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার কৈটোবা গ্রামে। পরিবার নিয়ে তিনি কুমিল্লা নগরের ছোটরার ১৫৩/১২ তোয়া হাউজিং এলাকায় থাকেন। গতকাল বুধবার শাহআলমকে আদালতে হাজির করা হলে, আদালত তাঁকে কারাগারে পাঠান।
দুদক কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ জুলাই কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় শাহআলমের বিরুদ্ধে ৬২ লাখ ১৭ হাজার ৬৮৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ৮৩ লাখ ৪২ হাজার ৯১০ টাকা মূল্যের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে মামলা হয়। দুদক কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা বাদী হয়ে ওই মামলা করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।