নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বিল নিয়ে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকদের হয়রানি বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সাংসদ। সাংসদ গতকাল সোমবার এক অনুষ্ঠানে পিডিবির সখীপুরের নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে সতর্ক করে দেন।

উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন গতকাল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সাংসদ অনুপম শাহজাহান। তিনি তাঁর বক্তব্যে পিডিবির সখীপুরের নির্বাহী প্রকৌশলীকে সঠিকভাবে মিটারের রিডিং অনুযায়ী গ্রাহকদের বিল দিতে বলেন। এ ছাড়া তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী দুই মাসের মধ্যে বিদ্যুতের ভুয়া ও ভুতুড়ে বিল বন্ধ না করা হলে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, পিডিবির গ্রাহকেরা ভুতুড়ে বিল নিয়ে নানা ভোগান্তি পোহাচ্ছেন। আবাসিক বাড়িঘরে লাখ লাখ টাকার বিদ্যুৎ বিল আসছে। এ নিয়ে গ্রাহকেরা মৌখিকভাবে একাধিকবার সাংসদের কাছে অভিযোগ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের এক বক্তা এ বিষয়টি তোলেন।