নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী নওয়াজেশ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন ঠিকাদারেরা।
এ ছাড়া একই দাবিতে ঠিকাদারেরা ডাকযোগে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছেন। স্মারকলিপিতে নির্বাহী প্রকৌশলী নওয়াজেশ আলীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতি, যথাসময়ে দরপত্র আহ্বানে অবহেলা, সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ ও টেন্ডার অনুমোদনে মাত্রাতিরিক্ত উৎকোচ দাবিসহ নয়টি অভিযোগ তুলে ধরা হয়।
গতকাল সকালে রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ঠিকাদারেরা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল ঠিকাদার সমিতির আহ্বায়ক যতীন্দ্র বিহারী চাকমা, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন, সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ ও দায়িত্ব পালনে অবহেলার কারণে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা বাধার সম্মুখীন হতে হয়। এতে ঠিকাদারদের আর্থিক ক্ষতির শিকার হতে হয়।
এ ব্যাপারে বক্তব্য জানতে কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী নওয়াজেশ আলী খানকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।