নির্বাহী প্রকৌশলীর সই জাল করে অভিজ্ঞতার সনদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পাঁচটি সেতু নির্মাণ প্রকল্পে ভুয়া অভিজ্ঞতার সনদ জমা দিয়েছে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর সই জাল করেছে। প্রতিষ্ঠান দুটির নাম মেসার্স নিশি এন্টারপ্রাইজ ও মেসার্স জামান এন্টারপ্রাইজ।সূত্র জানিয়েছে, প্রাক্কলিত মূল্যের ৫ শতাংশ কম মূল্যে দরপত্র জমা দেওয়ার পর দরপত্র মূল্যায়ন কমিটি এ দুই প্রতিষ্ঠানের কাগজপত্র এলজিইডির কার্যালয়ে যাচাইয়ের জন্য পাঠায়। সেখানে সনদপত্র ভুয়া হিসেবে ধরা পড়ে। এলজিইডি বলেছে, তাদের জমা দেওয়া অভিজ্ঞতার সনদের সব তথ্য ভুয়া এবং তাতে উল্লিখিত নির্বাহী প্রকৌশলীর সই আসল নয়।তথ্যানুসন্ধানে জানা যায়, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অধীনে দীঘিনালার পাঁচটি ইউনিয়নে এক কোটি ২২ লাখ টাকা বরাদ্দে পাঁচটি সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে ২৪ লাখ ২৫ হাজার টাকার বরাদ্দে ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ থেকে গুলছড়ি যাতায়াতের রাস্তায় ৩৬ ফুট দীর্ঘ সেতু নির্মাণের কাজ আহ্বান করা হয়। এই কাজে প্রাক্কলিত বরাদ্দের ৫ শতাংশ বেশি মূল্যে মেসার্স বিতাড়ন চাকমা এবং ৫ শতাংশ কম মূল্যে মেসার্স নিশি এন্টারপ্রাইজ অংশগ্রহণ করে। ২৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে বোয়ালখালী ইউনিয়নের পোমাংপাড়া শিবছড়ি থেকে চাপ্পাপাড়া যাওয়ার রাস্তায় ৪০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণকাজে প্রাক্কলিত মূল্যের ৫ শতাংশ কম মূল্যে খাগড়াছড়ির মেসার্স জামান এন্টারপ্রাইজ অংশগ্রহণ করে। ৭ সেপ্টেম্বর দরপত্র খোলা হলে নিশি এন্টারপ্রাইজ ও জামান এন্টারপ্রাইজ সর্বনিম্ন দরদাতা হিসেবে মনোনীত হয়। এই দুই প্রতিষ্ঠানের জমা দেওয়া অভিজ্ঞতার সনদ পর্যালোচনার পর দরপত্র মূল্যায়ন কমিটির সন্দেহ হয়। পরে খোঁজ নিলে সনদ ভুয়া প্রমাণিত হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, অভিজ্ঞতার সনদ ভুয়া প্রমাণিত হয়েছে। তাই প্রতিষ্ঠান দুটির কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘আমরা দরপত্র মূল্যায়ন কমিটির সভায় দুই প্রতিষ্ঠানের জমা দেওয়া দরপত্র বাতিল করব। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এলজিইডি।’এ ব্যাপারে কথা বলার জন্য নিশি এন্টারপ্রাইজের মালিক মো. কাশেমের মুঠোফোনে বারবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। জামান এন্টারপ্রাইজের মালিক মো. জামান মুঠোফোনে দরপত্র জমা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও দরপত্রে জমা দেওয়া কাগজপত্র না দেখে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি দরপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন বলে জানান।খাগড়াছড়ি এলজিইডির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা বলেন, এই দুই প্রতিষ্ঠানের ঠিকাদারি লাইসেন্স পর্যালোচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।