অর্থ আত্মসাতের অভিযোগে ভোলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার ওই ১৭ জনের বিরুদ্ধে ভোলা সদর থানায় ১৭টি মামলা করা হয়।এজাহারে বলা হয়, জিওবি ৪ প্রকল্পের আওতায় ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত কোনো দরপত্র আহ্বান ছাড়াই ১৭টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলার তৎকালীন নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহবাজ হোসেন। ২০৭টি কার্যাদেশের বিপরীতে কোনো কাজ না করেই মালামাল সরবরাহ দেখিয়ে চার কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন নির্বাহী প্রকৌশলী ও ১৬ জন ঠিকাদার। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বরিশালের উপপরিচালক মো. নজরুল ইসলাম ভোলা থানায় ১৭টি মামলা করেন।আসামিদের মধ্যে সৈয়দ শাহবাজ হোসেন বর্তমানে ঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত। অন্য আসামিদের মধ্যে রয়েছেন তানিয়া এন্টারপ্রাইজের হারুন অর রশীদ, সাকিব এন্টারপ্রাইজের সেলিনা আক্তার, সৈয়দ অ্যান্ড কোংয়ের এস এম ইউনুস, মেসার্স অনি এন্টারপ্রাইজের জান্নাতুন্নেছা নয়ন, শান্ত এন্টারপ্রাইজের সালমা আক্তার।দুর্নীতি দমন কমিশন বরিশালের উপপরিচালক আবদুর রহিম জোয়ারদার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।