নির্বাহী প্রধান মাহবুবকে প্রশিকার চাবি বুঝিয়ে দিল পুলিশ
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ের চাবি সংস্থাটির নির্বাহী প্রধান মাহবুব-উল-করিমকে বুঝিয়ে দিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যা ছয়টায় তাঁকে চাবি বুঝিয়ে দেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।প্রশিকার কেন্দ্রীয় সমন্বয়কারী মিজানুর রহমান খান প্রথম আলোকে জানান, পুলিশ গতকাল সন্ধ্যায় মাহবুব-উল-করিমের কাছে চাবি বুঝিয়ে দেওয়ার পর তাঁরা আগের তালাটি বদলে নতুন একটি তালা লাগিয়েছেন। তিনি আরও জানান, আজ শনিবার থেকে প্রশিকার কর্মীরা নিয়মিতভাবে কাজ শুরু করবেন।মাহবুুব-উল-করিমের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রশিকার চাবি বুঝিয়ে দেওয়ার জন্য হাইকোর্ট ১৯ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশকে নির্দেশ দেন। হাইকোর্টের আদেশে দুই দিনের মধ্যে চাবি বুঝিয়ে দিতে বলা হয়েছিল।প্রশিকার প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা চলছিল। একপর্যায়ে ১৩ জানুয়ারি প্রশিকা ভবনের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। তারা সব প্রবেশপথে তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে চাবি ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন মাহবুব-উল-করিম। ২০০৩ সাল থেকে প্রশিকায় বিদেশি সহায়তা বন্ধ আছে।