নির্বাহী বিভাগের সঙ্গে সম্পর্ক ভালো: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক অত্যন্ত ভালো। বার ও বেঞ্চ সুসম্পর্ক বজায় রেখে বিচারকাজ পরিচালনা করছেন। আইনজীবীদের সহযোগিতা ছাড়া বিচারকাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়।
সুপ্রিম কোর্ট থেকে তিন নেতার মাজার পর্যন্ত ‘ন্যায় সরণি’ নামের সড়ক উদ্বোধন শেষে প্রধান বিচারপতি গতকাল রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিচারপ্রার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সড়কটি নির্মাণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সুপ্রিম কোর্টের জন্য দেওয়া বরাদ্দ নিয়ে বিচার বিভাগের কোনো সমস্যা নেই।
গতকাল দুপুরে সড়ক উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রমুখ।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় জানায়, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ। এটি ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন তিন নেতার মাজারের পাশ দিয়ে অল্প সময়ে সুপ্রিম কোর্টে যাতায়াত করা যাবে।