নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছু নির্বাচনী অপরাধ বিচার করতে পারবেন
সিটি করপোরেশন নির্বাচনে সরকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে সুযোগ দেওয়ার জন্য মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) আইন ২০০৯-এর তফসিলে সংশোধনী আনা হয়েছে। এর ফলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বেশ কিছু নির্বাচনী অপরাধ আমলে নিয়ে অপরাধের তাৎক্ষণিক বিচার করতে পারবেন।আইনের ১৫ ধারা বলে সরকার গত ২৫ মে প্রজ্ঞাপন দিয়ে তফসিলে সংশোধনী এনেছে। এর মাধ্যমে সিটি করপোরেশন আইন-২০০৯, পৌরসভা আইন-২০০৯ ও উপজেলা আইন-১৯৯৮ মোবাইল কোর্ট আইনের তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোবাইল কোর্ট আইন-২০০৯-এর ৬ ধারা অনুযায়ী আইনের তফসিলে উল্লেখ করা আইনের অধীন অপরাধগুলোর বিচার শুধু বিচারিক ম্যাজিস্ট্রেটরা করতে পারবেন। তবে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত বা উদ্ঘাটিত হলে তিনি তা তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে বিচার করতে পারবেন।এই বিধান অনুযায়ী মোবাইল কোর্ট আইনের আওতায় সিটি করপোরেশন নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের কোনো সুযোগ ছিল না। কারণ আইনের তফসিলে সিটি করপোরেশন আইন অন্তর্ভুক্ত ছিল না। সংশোধনীর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন।নির্বাচনী আচরণবিধিতে কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীর পক্ষে মিথ্যা বিবৃতি দেওয়া, অপেক্ষায় আছেন এমন ভোটারকে ভোটদানে বাধা দেওয়া বা প্ররোচিত করা, ভোটকেন্দ্র বা নিকটস্থ স্থানে প্রচার চালানো, ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের আশপাশে মাইক্রোফোন বা লাউড স্পিকারের ব্যবহার ইত্যাদি অপরাধের জন্য ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য এর আগে নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনী বিধিমালায় ব্যাপক সংশোধনী এনেছিল।