নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত দুই সপ্তাহ চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। সময় চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল মঙ্গলবার দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন।

এই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি প্রথম আলোকে বলেন, প্রস্তুতির জন্য সময় চাওয়া হয়। আদালত দুই সপ্তাহ সময় দিয়েছেন। স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।

পৃথক তিনটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১১ মে হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৪ মে চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরপর ২১ মে বিষয়টি তালিকায় ওঠে। সেদিন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলে আগে দেওয়া স্থগিতাদেশের মেয়াদ ২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেন। এর ধারাবাহিকতায় গতকাল আবেদনগুলো শুনানির জন্য ওঠে।