নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী ম্যাজিস্ট্রেটেদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ধারাটিসহ ভ্রাম্যমাণ আদালত আইনের ধারা-উপধারাসহ ১১টি বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। ফলে ২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালত আইনের মাধ্যমে এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিচারকাজ পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১১ ও ২০১২ সালের করা পৃথক তিনটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার রায় দেন।
রায়ে অনাকাঙ্ক্ষিত জটিলতা ও বিতর্ক এড়াতে উচ্চ আদালতে চ্যালেঞ্জ হওয়া বিষয়গুলো ছাড়া ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সব আদেশ, সাজা ও দণ্ডাদেশ অতীত বলে সমাপ্ত হিসেবে মার্জনা করা হয়েছে। অবশ্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন (সাজু) বলেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
রায়ে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত বলে কিছু হলে তা অবশ্যই বিচারিক হাকিম বা মহানগর হাকিম দিয়ে গঠিত হবে। সংবিধান ও মাসদার হোসেন (বিচার বিভাগ পৃথক্করণসংক্রান্ত) মামলার রায় অনুসারে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত হবে। ভ্রাম্যমাণ আদালত আইনের ধারা ৫, ৬ (১), ৬ (২), ৬ (৪), ৭, ৮ (১), ৯, ১০,১১, ১৩ ও ১৫ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ধারাগুলো বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে (নির্বাহী, আইন ও বিচার বিভাগ) ক্ষমতার পৃথক্করণসংক্রান্ত সংবিধানের দুটি মৌলিক কাঠামোর বিরোধী।
২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালত আইনের ৫ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে বলা হয়েছে। এ ছাড়া ৬ (১), ৬ (২), ৬ (৪), ৭, ৮ (১), ৯, ১০ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পদ্ধতি, ১১ ধারায় জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া ক্ষমতা, ১৩ ধারায় আপিল ও ১৫ ধারায় তফসিল সংশোধনে সরকারকে দেওয়া ক্ষমতার কথা বলা হয়েছে।
হাইকোর্টের রায়ে বলা হয়, সংসদের করা আইনের তফসিল এর অবিচ্ছেদ্য অংশ। সরকার কেন ও কীভাবে কেবল একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত আইনের তফসিল সংশোধন করতে ক্ষমতাপ্রাপ্ত হলো, তা যুক্তিগ্রাহ্য নয়। কোনো আইন (সংসদ কতৃক অনুমোদিত বিধিবদ্ধ আইন, সংবিধি) সংশোধনের পূর্ণ ক্ষমতা সংসদের। ওই আইনের ১৫ ধারাবলে সংসদ তফসিল সংশোধনের সেই ক্ষমতা সরকারের অনুকূলে দিয়েছে। সংসদ আইনের অধীন বিধি-বিধান তৈরির ক্ষমতা সরকার বা অন্য কর্তৃপক্ষের অনুকূলে দিতে পারে। কিন্তু সংসদ মূল আইন সংশোধনে তার যে পূর্ণ ক্ষমতা, তা কাউকে দিতে পারে না। আইনের ১৫ ধারাবলে ওই আইনের তফসিল সংশোধনের ক্ষমতা হস্তান্তর করে সংসদ নিঃসন্দেহে ক্ষমতা পৃথক্করণের ধারণাকে লঙ্ঘন করেছে। ক্ষমতার পৃথক্করণ সংবিধানের মৌলিক কাঠামোর একটি অংশ।
রিট আবেদনকারীদের আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের ফলে ভ্রাম্যমাণ আদালত আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে না। তবে খাদ্যে ভেজালসহ এ ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে আগের মতোই সাধারণ আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পদক্ষেপ নেওয়া যাবে, যার বিচার হবে যথাযথ আদালতে। তিনি বলেন, রায়ে রিট আবেদনকারী দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা ও জরিমানার আদেশ এখতিয়ারবহির্ভূত ঘোষণা করা হয়েছে। ১০ লাখ টাকা জরিমানার অর্থ ৯০ দিনের মধ্যে আবেদনকারী মজিবুর রহমানকে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।