নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজশিক্ষককে পা ধরে মাফ চাইতে বাধ্য করার ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৫ জুন সকাল সাড়ে ১০টায় তাঁকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অনুসারে, গত ৯ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন শিক্ষা ক্যাডারের সদস্য মোনতাজ উদ্দিন। একপর্যায়ে মুঠোফোনে কথা বলতে বলতে তিনি কেন্দ্রে প্রবেশ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম খেপে যান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন হাওলাদারকে ও পুলিশ ডেকে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁরা প্রকাশ্যে মোনতাজ উদ্দিনকে ওই ম্যাজিস্ট্রেটের পা ধরে মাফ চাইতে বাধ্য করেন।