নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিক আহমেদ
শফিক আহমেদ

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়ার সুযোগ নেই, এটি সমর্থনযোগ্যও নয়।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছিলেন। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রী বলেন, সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদাকরণ নিশ্চিত করতে বলা আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফৌজদারি কার্যবিধি সংশোধন করে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বিচারিক হাকিমদের। তাই এককথায় বলা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ওপর  বিচারিক ক্ষমতা সংবিধান ও মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী সমর্থনযোগ্য নয়। সংবিধান অনুযায়ী বিচারিক ক্ষমতা বিচারিক হাকিমদের হাতে থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাহী কাজ করবেন।

ভ্রাম্যমাণ আদালত সংশোধন হতে পারে
মন্ত্রী বলেছেন, ভ্রাম্যমাণ আদালতের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের শাস্তি ও সাজা দেওয়ার ক্ষমতা রয়েছে।

তবে ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী কেউ দোষ স্বীকার না করলে তাঁকে সাজা দেওয়া যায় না বলে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, ‘বিষয়টি বিশ্লেষণ করে দেখব। যদিও সমস্ত আইন পড়লে দেখা যায়, মোবাইল কোর্টের সামনে কোনো অপরাধ করলে সাজা দেওয়া যায়। অপরাধ স্বীকার করার প্রয়োজন নেই। তবু যদি কোনো জটিলতা থাকে, তাহলে সেটা পরীক্ষা করে সংশোধন সাপেক্ষে সেই অংশ বাদ দেওয়া হবে।’