নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যেভাবে সাজা দিচ্ছেন তা বেআইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, হরতালের সময় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যেভাবে সাজা দিচ্ছেন, তা স্বাধীন বিচারব্যবস্থার ওপর হুমকিস্বরূপ। এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা থেকে বিরত থাকার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে মাহবুব হোসেন এ আহ্বান জানান। এ সময় সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা বাদল, কোষাধ্যক্ষ ফাহিমা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন। খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করে বলেন, কোনো ধরনের শুনানি বা সাক্ষ্যগ্রহণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে এসব সাজা দেওয়া হচ্ছে। এভাবে সাজা দেওয়া আইনবহির্ভূত। হরতালে বিরোধী দলের নেতা-কর্মীদের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা দেওয়া বেআইনি ও মৌলিক অধিকারের পরিপন্থী।