বাগেরহাটের ফকিরহাটে গত উপজেলা পরিষদ নির্বাচনের দিন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার নিয়ামত হোসেনকে (৫৬) পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও ফকিরহাট আমলি আদালতের বিচারক জিয়ারুল ইসলাম ৫ জানুয়ারি এই পরোয়ানা জারি করেন।
যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাঁরা হলেন বাগেরহাটের সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, বিজিবির তৎকালীন ৩৪ ব্যাটালিয়নের হাবিলদার মামুন আলী ও সিপাহি বাবুল হোসেন।
মামলার আরজি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নির্দেশে বিজিবির সদস্যরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার নিয়ামতকে আটক করেন। এরপর রাইফেল দিয়ে তাঁকে বেদম মারধর করা হয়। গুরুতর আহতাবস্থায় ওই ম্যাজিস্ট্রেট তাঁকে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিজিবির পিকআপে ফেলে রাখেন। এরপর ফকিরহাট থানায় নিয়ে আটকে রাখেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে তাঁকে ওই দিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৮ মার্চ সকালে তিনি মারা যান।
সরদার নিয়ামত হোসেনের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রহারজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে।
মামলায় বাদীপক্ষের আইনজীবী এ কে আজাদ ফিরোজ বলেন, সরদার নিয়ামত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই ম্যাজিস্ট্রেট ও তাঁর নেতৃত্বাধীন অজ্ঞাতনামা বিজিবি সদস্যদের বিরুদ্ধে ফকিরহাট আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলার সময় সরদার নিয়ামত মারা গেলে ১২ জুন মামলাটি হত্যা মামলায় রূপান্তরসহ নিহত ব্যক্তির স্ত্রী নূরানী আসমাকে মামলার বাদী নির্ধারণ করা হয়। বিচার বিভাগীয় তদন্তের সময় সংশ্লিষ্ট বিচারিক হাকিমেরা মোট নয়জনের সাক্ষ্য নেন। ৫ জানুয়ারি বাদীপক্ষ সুনির্দিষ্টভাবে ওই ম্যাজিস্ট্রেট ও দুজন বিজিবি সদস্যের বিরুদ্ধে সরদার নিয়ামত হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে মামলাটি আমলে নেওয়ার আবেদন করেন। এরপর আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।