নির্বিঘ্ন হজযাত্রার প্রত্যাশায় শেষ হজ ও ওমরাহ মেলা
আগামী হজযাত্রা নির্বিঘ্ন করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তম হজ ও ওমরাহ মেলা।
গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মেলার সমাপনী দিনেও আগ্রহী দর্শকদের লক্ষণীয় ভিড় ছিল।
মেলায় হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন প্যাকেজ এবং হজ সম্পর্কে নানা পরামর্শ দেন আগত ব্যক্তিদের। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চার দিনের এই মেলার আয়োজন করে।
সমাপনী দিনে হাবের পক্ষ থেকে সৌদি এয়ারলাইনস ও বাংলাদেশ বিমানের বাইরে অন্য এয়ারলাইনেও হজযাত্রী পরিবহনের সুযোগ রাখার দাবি জানান। হাব সদস্যদের লাইসেন্স দ্রুত নবায়নসহ আরও কিছু দাবি তুলে ধরেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, তৃতীয় কোনো কোম্পানিকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সুবিধা-অসুবিধা দুটিই আছে। সরকার ভবিষ্যতে তা বিবেচনা করে দেখবে। হজযাত্রীদের নিয়ে কিছু মধ্যস্বত্বভোগী প্রতারণা করে থাকে—এ মন্তব্য করে মন্ত্রী বলেন, এ মেলা সচেতনতা সৃষ্টি করে সেই প্রতারণা বন্ধে কিছুটা হলেও সহায়তা করবে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবের সভাপতি ইব্রাহিম বাহার। সংগঠনের মহাসচিব শেখ আবদুল্লাহও বক্তব্য দেন।
গতকাল সন্ধ্যার পর মেলার স্টলগুলো গোটাতে থাকেন অংশগ্রহণকারীরা। শেষ মুহূর্তেও অনেকে এসে নানা প্যাকেজ সম্পর্কে জানার চেষ্টা করছিলেন। আয়োজকেরা জানিয়েছেন, এবার প্রায় ২৫০টি স্টল মেলায় অংশ নিয়েছে।
ব্যবসায়ী বুলবুল আহমেদ শেষ মুহূর্তে এসেছিলেন মেলায়। সাউথ এশিয়ান ট্র্যাভেলসের স্টলে গেলে সেখানকার দায়িত্বরত ব্যক্তিরা তাঁকে নানা প্যাকেজ দেখিয়ে একটি হজ গাইড ও প্রশিক্ষণ সিডি দিলেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা শেখ মোহাম্মদ শাকিল বলেন, হজের আনুষ্ঠানিকতা সারতে হবে নিজ দায়িত্বেই। তাদের কাজ হচ্ছে যাওয়া, আসা এবং থাকা নির্বিঘ্ন করা। এর সঙ্গে হজযাত্রীদের আগে থেকে কিছুটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে ভালো হয়।