নির্বিঘ্ন হজযাত্রার প্রত্যাশায় শেষ হলো হজ ও ওমরাহ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রী ও এজেন্সির মধ্যে সেতুবন্ধ রচনা এবং হজযাত্রা নির্বিঘ্ন করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়েছে নবম হজ ও ওমরাহ মেলা। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার সমাপনী দিনেও আগ্রহী দর্শকদের ভিড় ছিল লক্ষণীয়।
মেলায় হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে নানা পরামর্শ দেয় আগত ব্যক্তিদের। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) তিন দিনের এই মেলার আয়োজন করে। সমাপনী দিনে হাবের পক্ষ থেকে সৌদি এয়ারলাইনস ও বাংলাদেশ বিমানের বাইরে অন্য এয়ারলাইনেও হজযাত্রী পরিবহনের সুযোগ রাখার দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘এ মেলা হজযাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টি করেছে। মেলায় আগতদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখতে পেয়েছি।’
বিশেষ অতিথি ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিল বলেন, সৌদি ‘ই-হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয় করতে এ বছর থেকে হজযাত্রীদের জন্য প্রাক-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। প্রাক-নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র লাগবে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবের সভাপতি ইব্রাহিম বাহার। সংগঠনের মহাসচিব শেখ আবদুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন, ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাসের চিফ অব কনস্যুলার খালেদ হামিদ বক্স বক্তব্য দেন।
মেলায় প্রথম আলোরও একটি স্টল ছিল এবং সেখান থেকে বিনা মূল্যে ৪ হাজার হজ গাইড দেওয়া হয়েছে।