নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালনের নিশ্চয়তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন ও রংপুরের মেনানগরের আহমদিয়া সদস্যদের জানমালের নিরাপত্তা দিতে সরকার ও প্রশাসনের সহায়তা চেয়েছে আহমদিয়া মুসলিম জামাত, বাংলাদেশ। রাজধানীর বকশীবাজারে গতকাল শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় নায়েবে আমির মীর মোবাশ্বের আলী এ দাবি করেন। একই সঙ্গে ৭ নভেম্বর মেনানগর গ্রামে গুঁড়িয়ে দেওয়া আহমদিয়া মসজিদটি পুনর্নির্মাণে সরকারের কাছে সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৭ নভেম্বর কিছু উগ্র-ধর্মান্ধ ব্যক্তির প্ররোচনায় মেনানগরের বানিয়াপাড়ায় আহমদিয়াদের পুনর্নির্মাণাধীন একটি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের ওপর আক্রমণ এবং তাঁদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ হামলায় জড়িত ব্যক্তি ও নেপথ্য উসকানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানায় আহমদিয়া জামাত।সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির এ হামলার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে বলেন, যখনই জামায়াতের অস্তিত্ব বিপন্ন হয়, তখনই তারা নিরীহ আহমদিয়াদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংবাদ সম্মেলনে মসজিদ ভাঙচুরের একটি ভিডিওচিত্র দেখানো হয়। তাতে দেখা যায়, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের কিছু লোক মসজিদের দেয়াল ও টিনের চালা ভাঙচুর করছে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য হামলাকারীদের পাশে দাঁড়িয়ে ছিল।মীর মোবাশ্বের আলী বলেন, মুষ্টিমেয় প্রতিক্রিয়াশীল এবং উগ্রবাদী ব্যক্তির অপপ্রচারে কিছু লোক বিভ্রান্ত হলেও এলাকার জনগণ এ বিরোধে জড়িত নয়। সংবাদ সম্মেলনে আহমদিয়া মুসলিম জামাতের মোবাল্লেগ ইনচার্জ মাওলানা আবদুল আউয়াল খান চৌধুরী, নাগরিক সমাজের প্রতিনিধি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির পরিচালক ফ্রস্টিনা পেরেরা ও আইনজীবী তুরিন আফরোজ উপস্থিত ছিলেন।