মামলা নেই, বরখাস্তের খড়্গ নেই। নির্বিঘ্নে দায়িত্ব পালন করে চলেছেন বরিশালের মেয়র আহসান হাবিব কামাল। কিন্তু তারপরও নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতির অনেকটাই রাখতে পারেননি তিনি।
ইতিমধ্যে মেয়াদের সাড়ে তিন বছর কেটে গেছে। আর বাকি দেড় বছর। নাগরিক সুবিধা বাড়েনি, রাস্তাঘাট ভাঙা, বৃষ্টি হলেই জলাবদ্ধতা, ফুটপাত দখলমুক্ত হয়নি। আর যানজট তো আছেই। তবে মেয়রের দাবি, তিনি বিএনপির নেতা বলে সরকারের তেমন সহযোগিতা পাচ্ছেন না।
নির্বাচিত হওয়ার চার মাস পর ২০১৩ সালের ৮ অক্টোবর বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আহসান হাবিব। জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেন। ওই সময় নগরের উন্নয়নে ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন তিনি।
ইশতেহারে ছিল নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সন্ত্রাসমুক্ত নগর প্রতিষ্ঠা, আধুনিক শিল্পনগরী গড়ে তোলা, নগরীকে মাদকমুক্ত রাখা, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসন, সুষ্ঠু ও সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা, নগরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বিলুপ্ত খালগুলো উদ্ধার করে তা সংরক্ষণে উদ্যোগ নেওয়া, লোডশেডিং দূর করা, বর্ধিত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সড়ক-পুল ও সেতু নির্মাণ করা। আরও ছিল আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, নগরীর সার্বিক শোভাবর্ধনে প্রকল্প প্রণয়ন, সব ধরনের কর সহনীয় পর্যায়ে রাখা এবং বস্তিবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন।
এসব বিষয়ে বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য সংগঠন শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলাল প্রথম আলোকে বলেন, ‘পয়োনিষ্কাশন ব্যবস্থায় উন্নয়ন হয়নি। গত বর্ষা মৌসুমেও নগরের প্রধান এলাকাগুলো ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে। অন্যান্য ক্ষেত্রেও দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়ছে না। নগরের উন্নয়ন পরিকল্পনা গ্রহণে নাগরিকদের মতামত নেওয়ার কথা থাকলেও কাউকে ডাকা হয়নি।’
২০১৩ সালে দেশের পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন হয়েছিল। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর—এই পাঁচটিতেই জয় পান বিএনপি-সমর্থক প্রার্থীরা। বরিশালের মেয়র ছাড়া অন্য চার মেয়রকে মামলার অজুহাতে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বরিশালের মেয়র কোনো বাধার মুখে পড়েননি। এ নিয়ে নানা কথা শোনা যায়। কেউ কেউ বলছেন, মেয়র কামাল পদ টিকিয়ে রাখতে ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতার সঙ্গে সমঝোতা করে চলেন। আর করপোরেশনের যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়, তাতেও মেয়রের নিয়ন্ত্রণ কম।
এ বিষয়ে কথা হয় মেয়র কামালের সঙ্গে। তিনি বললেন, ‘অনেকে অনেক কথা বলতে পারেন। কিন্তু মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি সরকারেরই একটা অংশ। সেই হিসেবে সরকারের কিছু কর্মসূচি আমাকে অনুসরণ করতে হয়। এর মানে এটা সরকারি দলের সঙ্গে সমঝোতা নয়।’
মেয়রের দায়িত্ব নেওয়ার পর দলীয় কর্মসূচিতে যান না এবং যোগাযোগও রাখেন না। এটা কেন? জবাবে তিনি বলেন, ‘সিটি করপোরেশন নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়। এ জন্য দলীয় রাজনীতিতে বেশি সময় দিতে পারি না। আর দলীয় কর্মকাণ্ড করতে গেলে মামলা হয়, বরখাস্ত হতে হয়, কত ঝামেলা!’
মেয়র কামালের দাবি, রাজনৈতিক ও ব্যক্তিকেন্দ্রিক অনেক প্রতিবন্ধকতা নিয়ে তাঁকে কাজ করতে হচ্ছে। সরকারি বরাদ্দ না থাকলেও নগরের বিধ্বস্ত সব রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন তিনি সম্পন্ন করেছেন।
প্রতিশ্রুতির বাস্তবায়ন সীমিত
নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি হলো ফুটপাত দখলমুক্ত করে নগরের যানজট নিরসন করা। কিন্তু ফুটপাতগুলো অবৈধ দখলে যাওয়ায় নগরবাসীর পথ চলতে বেড়েছে বিড়ম্বনা। সরেজমিনে দেখা গেছে, নগরের সদর রোড, গির্জা মহল্লা, চৌমাথা, চরকবাজার, সিটি করপোরেশন ভবনের সামনের এলাকা পুরোটাই এখন হকারদের দখলে। জুতা, ফল, সবজি, মাছ, খেলনা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পসরা নিয়ে প্রতিদিন ফুটপাতগুলো দখলে রাখছেন হকাররা। এতে পথচারীদের সমস্যার পাশাপাশি বেড়েছে যানজটও। চৌমাথা এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, চৌমাথার দুই পাশ হকার ও অটোর দখলে থাকায় পথ চলতে খুবই বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
এ বিষয়ে মেয়র বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করতে প্রায়ই আমরা অভিযান চালাই। কিন্তু পরদিন আবার দখল হয়ে যায়। বারবার অভিযানের ফলে এখন দখল অনেকটা কমেছে। তবে অভিযান অব্যাহত থাকবে।’
নগরবাসীর আরেক ভোগান্তির নাম জলাবদ্ধতা। প্রাকৃতিক জলাধার হিসেবে পরিচিত নগরের মধ্য দিয়ে প্রবহমান ২২টি খাল দখলমুক্ত না হওয়ায় প্রতিবছর বর্ষায় দেখা দেয় নগরজুড়ে জলাবদ্ধতা। এসব খাল অবৈধ দখলমুক্ত করে খনন ও পাড় সংরক্ষণ করার কথা ছিল প্রতিশ্রুতিতে। ২০১৫-১৬ অর্থবছরের সিটি করপোরেশনের বার্ষিক বাজেটেও এসব খাল দখলমুক্ত করে খনন ও পাড় সংরক্ষণের জন্য প্রস্তাব করা হয়েছিল। কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে কেবল নগরের জেল খাল দখলমুক্ত করা ছাড়া আর কোনো উদ্যোগ চোখে পড়েনি।
খাল দখলমুক্ত করতে সিটি করপোরেশন কাজ শুরু করেছে দাবি করে মেয়র বলেন, ‘এসব খালের উন্নয়নে প্রকল্প প্রস্তাব তৈরি হয়ে গেছে। এগুলো মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বরিশাল সিটির ২৩ নম্বর থেকে ৩০ নম্বর ওয়ার্ড পর্যন্ত আটটি ওয়ার্ডে নাগরিক সুবিধা বাড়েনি তেমন। ওই আটটি ওয়ার্ডের জনসংখ্যা প্রায় এক লাখ। কিন্তু এসব নাগরিকের জন্য পানির সুব্যবস্থা, পয়োনিষ্কাশনের জন্য নালা এবং স্যুয়ারেজ ব্যবস্থা গড়ে তোলা যায়নি আজও। ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা এলাকার বাসিন্দা কবির হোসেন বলেন, ‘নামেই সিটি করপোরেশন। পানি, যোগাযোগ, বিদ্যুৎ তেমন কোনো সুবিধা এত বছরেও এসব এলাকায় নিশ্চিত হয়নি। কেবল বছর বছর ট্যাক্স গুনতে হচ্ছে।’ ২৭ নম্বর ওয়ার্ডের বাড়ইজ্জারহাট এলাকার বাসিন্দা শিবু চন্দ্র শীল বলেন, ‘আমরা ট্যাক্স দিই কিন্তু সিটি করপোরেশনের কোনো সুবিধা পাই না। রাস্তাঘাট খুব খারাপ। অনেক এলাকায় এখনো বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয়। পানির সমস্যা তো আছেই। এখনো যেকোনো কিছুর জন্য আমাদের ছয় কিলোমিটার দূরে মূল শহরে ছুটতে হয়।’
বর্ধিত অংশের উন্নয়নের বিষয়ে মেয়র বলেন, এসব এলাকায় এখন আর কোনো কাঁচা রাস্তা নেই। পানি সমস্যা দূর করতে অনেকগুলো গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ড্রেনেজ সুবিধা বাড়ানো হয়েছে। আগে যেখানে নৌকায় যাতায়াত করা লাগত, সেখানে পাকা রাস্তা হয়ে গেছে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সাবেক মেয়র শওকত হোসেন শহরের আধুনিকায়নে নির্মাণ করেছিলেন সড়ক বিভাজক, ফুটপাত, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, পাবলিক স্কয়ারসহ সৃজনশীল নানা স্থাপনা। তিনি নগর ভবন নথুল্লাবাদে স্থানান্তর, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, নথুল্লাবাদ থেকে রূপাতলী পর্যন্ত চার লেন সড়ক, বাইপাস সড়ক নির্মাণসহ যেসব প্রকল্প হাতে নিয়েছিলেন, তা এখন থমকে আছে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়র সাহেবের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন দৃশ্যমান নয়। তাঁর সদিচ্ছার অভাব আছে।’