নির্বিঘ্নে যান চলাচল, নাকি নতুন করে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর পুলিশ পবিত্র রমজান মাস উপলক্ষে নগরে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে নতুন এক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট ও মনি চত্বরে গাড়ির বাঁক নেওয়া (ইউটার্ন ও রাইটটার্ন) নিষিদ্ধ করা হয়েছে।
যানচালকদের অভিযোগ, এতে তাঁদের জন্য নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। সাধারণ পথচারীরা পড়েছে বিপাকে। তাঁরা বলছেন, পুলিশের এই উদ্যোগে সুবিধার চেয়ে অসুবিধাই বেড়েছে।
গত ৩০ জুন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি পত্রিকার কার্যালয়গুলোতে পাঠানো হয়। এতে জিরো পয়েন্ট ও মনি চত্বরে ইউটার্ন ও রাইটটার্ন নিষিদ্ধ করার কথা জানানো হয়। পাশাপাশি রাস্তার দুপাশে সব ধরনের পার্কিং (গাড়ি রাখা) নিষিদ্ধ করা হয়। সকাল নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রাক, বাস অথবা ভারী যানবাহন বাজার এলাকায় প্রবেশ করতে পারবে না। ইমা, ব্যাটারিচালিত অটোরিকশা, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা কোনো অবস্থায় যত্রতত্র যাত্রী উঠানো-নামানো করতে পারবে না। বাজারসংলগ্ন এলাকায় কোনো হকার, ভ্যান ও রিকশা দাঁড়াতে পারবে না। কোনো রাস্তা বা রাস্তার মোড়ে সভা-সমাবেশ করা যাবে না। রাজশাহী সিটি করপোরেশনের নিবন্ধিত ছাড়া কোনো রিকশা ও ভ্যান নগরে প্রবেশ করতে পারবে না।
সরেজমিনে দেখা গেছে, নগরের জিরো পয়েন্ট ও মনি চত্বরে দুটি টার্ন বন্ধ হয়েছে। তবে আগের মতোই ইমা ও অটোরিকশা যত্রতত্র যাত্রী নামাচ্ছে। জিরো পয়েন্টের পূর্ব দিকে রাস্তার উত্তর পাশে হকাররা রাস্তার ওপর দোকান মেলে পসরা সাজিয়েছেন। কলা ও আনারসের হকাররাও রাস্তার ওপরেই রয়েছেন। প্রথম দিন শুধু কলাওয়ালাদের উঠিয়ে দেওয়া হয়েছিল। তার পর থেকে সবকিছু আগের মতো চলছে।
শুধু শুধু দুই জায়গায় বাঁক নেওয়া নিষিদ্ধ করার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সাহেববাজার জিরো পয়েন্ট থেকে সোনাদীঘির মোড় পর্যন্ত এলাকায় যানজট তীব্র হয়েছে। জিরো পয়েন্ট বন্ধ করে দেওয়ায় নগরের বড় মসজিদ এলাকা থেকে কোনো যানবাহন সরাসরি গণকপাড়া এলাকায় যেতে পারছে না। তাদের পূর্ব দিকে আধা কিলোমিটার দূরে আলুপট্টি হয়ে অথবা পশ্চিম দিকে রাজশাহী কলেজের সামনে দিয়ে ঘুরে ছোট গলিপথে ফিরতে হচ্ছে। এতে করে গলিপথগুলোতে যানবাহনের জট লেগে থাকছে। পথচারীরা রাস্তা পার হতে হিমশিম খাচ্ছে।
আর মনি চত্বরের ইউটার্ন ও রাইটটার্ন বন্ধ করে দিয়ে রাজশাহী সিটি সেন্টারের সামনে করা হয়েছে। এতেও যানবাহন পারাপারে ভয়ানক জটিলতার সৃষ্টি হয়েছে। মনি চত্বরের চেয়ে সিটি সেন্টারের সামনের সড়ক সরু। তাই সেখানে বাঁক নিতে গিয়ে গাড়িগুলো পাশের নালার মধ্যে পড়ে যাচ্ছে। পর্যাপ্ত জায়গা না থাকায় একটি গাড়ি উত্তর দিকে বাঁক নিতে গেলে দুই দিক থেকে আসা গাড়ি আর সহজে বের হতে পারছে না। ফলে জিরো পয়েন্ট থেকে সিটি সেন্টার পর্যন্ত গাড়ির দীর্ঘ বহর থেমে থাকছে। এতে করে পথচারী ও যানবাহনে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজশাহী বেতারের কথক তিতুমীর ঋষভ বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি একটি অটোরিকশায় করে নগরের সাহেববাজারে ফিরছিলেন। রাজশাহী সিটি সেন্টারের সামনে এসে তাঁকে বহনকারী অটোরিকশা দাঁড়িয়ে যায়। তিনি নেমে হেঁটে গিয়ে দেখেন, সিটি সেন্টারের সামনে ইউটার্ন নিতে গিয়ে একটি মাইক্রোবাস পাশের নালার মধ্যে পড়ে গেছে। কয়েকটি অটোরিকশা থেকে যাত্রীরা নেমে গাড়িটা ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করছেন। গাড়িটা তোলার পর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।
রাজশাহী নগরের অলোকার মোড় এলাকার অটোরিকশাচালক বকুল বলেন, বেশ কিছুদিন আগে থেকে সাহেববাজার জিরো পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাহেববাজার রাজশাহী শহরের প্রাণকেন্দ্র। নগরের গোরহাঙ্গা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বাড়িঘর ভেঙে দুই লেনের রাস্তা করা হয়েছে। এই রাস্তায় গাড়ি নিয়ে এসে কেউ জিরো পয়েন্ট পার হতে পারছেন না। তাঁকে আবার গলিপথে ঢুকতে হচ্ছে। গলিপথে ঢুকেই গাড়ি আটকে যাচ্ছে। এর চেয়ে বড় দুর্ভোগ আর হতে পারে না।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের সাবেক শিক্ষক মোস্তাক আহাম্মেদ বলেন, জিরো পয়েন্ট বন্ধ করে দেওয়ার আগে স্টাডি (ভাবা) করা দরকার ছিল, বাইপাস সড়কগুলো দিয়ে এই পরিমাণ গাড়ির চাপ (লোড) নিতে পারবে কি না। এখন যেহেতু বাইপাস সড়কে যানজট বাড়ছে, তাই বুঝতে হবে যে এ সিদ্ধান্ত সঠিক হয়নি।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, সরেজমিনে দেখে ও ট্রাফিকের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে এটা ঠিক করার ব্যবস্থা করা হবে।

’